পাওনা টাকা চাওয়ায় বন্ধুর হাতে খুন হন ব্যবসায়ী শরীফ শেখ: পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে গরু ব্যবসায়ী শরীফ শেখ হত্যা মামলায় গ্রেপ্তার তাঁর বন্ধু শরীফ বাকাউল
ছবি: প্রথম আলো

ফরিদপুরে গরু ব্যবসায়ী শরীফ শেখ (৩৫) হত্যার রহস্য উন্মোচনের দাবি করেছে পুলিশ। জেলা পুলিশের সংবাদ সম্মেলনে বলা হয়েছে, পাওনা টাকা ফেরত চাওয়ায় ওই ব্যবসায়ীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছেন তাঁর বন্ধু শরীফ বাকাউল (২৬)। হত্যার কাজে ব্যবহৃত একটি দাসহ কিছু আলামত উদ্ধারও করেছে পুলিশ।

এ হত্যাকাণ্ড নিয়ে পুলিশ সুপারের কার্যালয়ে আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জামাল পাশার কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে ফরিদপুর জেলা পুলিশ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান জামাল পাশা।

লিখিত বক্তব্যে বলা হয়, নিহত শরীফ শেখ ও শরীফ বাকাউল বন্ধু ছিলেন। তাঁরা একসঙ্গে চলাফেরা করতেন। শরীফ শেখ কাঁচামালের ব্যবসার পাশাপাশি কোরবানির ঈদের আগে গরু কিনে কুমিল্লা, চট্টগ্রামসহ বিভিন্ন জায়গায় বিক্রি করতেন। শরীফ শেখ ও শরীফ বাকাউল দিনের বেশির ভাগ সময় একসঙ্গে কাটাতেন এবং দুজনেরই তাস দিয়ে জুয়া খেলার অভ্যাস ছিল। অপর দিকে শরীফ শেখ সুদে টাকা খাটাতেন।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, বিভিন্ন সময় শরীফ বাকাউল শরীফ শেখের কাছ থেকে টাকা নেন। সেই টাকা সুদে–আসলে প্রায় দুই লাখ টাকার মতো দাঁড়ায়।

কোরবানির ঈদ সামনে রেখে নিজের ব্যবসার কাজে টাকার দরকার হওয়ায় শরীফ বাকাউলের কাছে টাকা ফেরত চান শরীফ শেখ। শরীফ বাকাউল টাকা দিতে না চাওয়ায় দুজনের মধ্যে কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে মাকে জড়িয়ে শরীফ বাকাউলকে গালিগালাজ করেন শরীফ শেখ। এতে প্রচণ্ড ক্ষুব্ধ হন শরীফ বাকাউল। এর জেরে শরীফ শেখকে হত্যার পরিকল্পনা করেন তিনি। এ জন্য শরীফ বাকাউল কানাইপুর বাজার থেকে চার শ টাকা দিয়ে একটি দা কেনেন।

শরীফ বাকাউলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে লিখিত বক্তব্যে আরও বলা হয়, ২৫ জুন রাত ১০টার দিকে শরীফ বাকাউল এলাকার মিরাজের চায়ের দোকান থেকে তাস খেলার কথা বলে শরীফ শেখকে কৃষ্ণনগর ইউনিয়নের পরমানন্দপুর গ্রামের শেষ সীমানায় জনৈক আবদুল হক মুন্সির কলাবাগানে নিয়ে যান। যাওয়ার সময় শরীফ বাকাউল একটি বাজারের ব্যাগের মধ্যে তাসসহ একটি ধারালো দা নিয়ে যান।

ঘটনাস্থলে যাওয়ার পরপরই তিনি পেছন দিক থেকে দা দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে হত্যা করেন শরীফ শেখকে। হত্যার কাজে ব্যবহৃত রক্তমাখা দা আবার ব্যাগে করে নিয়ে এসে একটি গামছায় পেঁচিয়ে ব্যাগসহ দা, নিজের পরনের রক্তমাখা প্যান্ট ও গেঞ্জি বাড়ির পাশে কুমার নদীর পাড়ে কাদার নিচে লুকিয়ে রাখেন শরীফ বাকাউল। আর শরীফ শেখের মুঠোফোনটি পানিতে ছুড়ে ফেলে দেন।

গত রোববার সকাল নয়টার দিকে কৃষ্ণনগর ইউনিয়নের রহিমপুর গ্রামের গাবির বিলের মধ্যে একটি কলাবাগান থেকে শরীফ শেখের মরদেহ উদ্ধার করা হয়। কলাবাগানটি নিহত ব্যক্তির বাড়ি থেকে আনুমানিক ৬০০ মিটার দূরে। মরদেহের মাথায় ও শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত ছিল। ওই দিনই বিকেলে নিহত ব্যক্তির ভাই বাবলু শেখ বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে ফরিদপুর কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন।

এ হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে গতকাল মঙ্গলবার বিকেলে শরীফ বাকাউলকে কৃষ্ণপুর ইউনিয়নের মধ্য রহিমপুর গ্রামে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি মো. মোয়াজ্জেমের ছেলে। নিহত গরু ব্যবসায়ী শরীফ শেখ একই গ্রামের নিমাই শেখের ছেলে। পুলিশের হেফাজতে থাকা শরীফ বাকাউল সাংবাদিকদের বলেন, এ ঘটনার জন্য তিনি অনুতপ্ত। ওই রাতের পর থেকে তিনি রাতে ঘুমাতে পর্যন্ত পারছিলেন না।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার ও এই মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক মো. সেলিম। সেলিম বলেন, আজ দুপুরে আসামি শরিফ বাকাউলকে আদালতে সোপর্দ করা হয়। আদালতে তিনি হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দি প্রদান শেষে আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।

এ হত্যাকাণ্ড নিয়ে গত সোমবার প্রথম আলোয় ‘ফরিদপুরে গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার’ শিরোনামে একটি খবর প্রকাশিত হয়।