পাওনা টাকা নিয়ে বাগ্‌বিতণ্ডার জেরে লাঠির আঘাতে ব্যবসায়ী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পাওনা টাকা নিয়ে দুই ব্যবসায়ীর মধ্যে বাগ্‌বিতণ্ডার জেরে লাঠির আঘাতে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত ১০টার দিকে উপজেলার পাড়ুয়া মাঝপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ীর নাম হাবিবুর রহমান (৪২)। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার পাড়ুয়া মাঝপাড়া গ্রামের আছদ্দর আলীর ছেলে। এ ঘটনায় অভিযুক্ত ব্যবসায়ী ফয়জুর রহমানকে (৩৫) আটক করেছে পুলিশ। নিহত হাবিবুর ও আটক ফয়জুর হাঁস-মুরগির ব্যবসায়ী। তাঁরা একে অপরের আত্মীয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাবিবুর ও ফয়জুর দুজনেই গ্রাম থেকে হাঁস-মুরগি কিনে ভোলাগঞ্জ বাজারসহ বিভিন্ন বাজারে বিক্রি করতেন। সম্প্রতি ফয়জুরের কাছ থেকে ৮০০ টাকা ধার নিয়েছিলেন হাবিবুর। গতকাল রাতে পাওনা টাকা ফেরত চান ফয়জুর। এ নিয়ে দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে ফয়জুর লাঠি দিয়ে হাবিবুরের মাথায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় হাবিবুরকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আজ রোববার বেলা দেড়টার দিকে কোম্পানীগঞ্জ থানা-পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ফয়জুর রহমানকে আটক করেছে। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকান্ত চক্রবর্তী বলেন, পাওনা টাকা নিয়ে বাগ্‌বিতণ্ডার জেরে এ ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। নিহত ব৵ক্তির পরিবার থানায় অভিযোগের প্রস্তুতি নিচ্ছে।