সোনারগাঁয়ে আশ্রয়ণ প্রকল্প
পাকা বাড়ি আছে, এমন ব্যক্তিরাও পেয়েছেন ঘর
ঘরের নির্মাণসামগ্রী পরিবহন, নতুন করে সামগ্রী কিনতে হয়েছে সুবিধাভোগীদের। ঘর দেওয়ার নামে টাকা নিয়েছেন সাবেক ইউপি সদস্য।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের খৈতারভুলা গ্রামের জজ মিয়া (৬০) পাঁচ সন্তানের জনক। ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করেন। এক সন্তান প্রতিবন্ধী। সরকারের আশ্রয়ণ প্রকল্প-২-এর অধীনে একটি ঘর পেতে তাঁকে খরচ করতে হয়েছে ৩০ হাজার টাকা। ভিক্ষা করে জমানো টাকা থেকে তিনি খরচ বহন করেন।
ঘরের জন্য ১ লাখ ৫০ হাজার টাকা খরচ করতে হয়েছে উপজেলার কাঁচপুর ইউনিয়নের বেহাকৈর গ্রামের আমেনা বেগমকে। তাঁর স্বামী মনির হোসেন কাঁচপুরের একটি কারখানায় জামদানি শাড়ির কারিগর। এর মধ্যে সরকারি কর্মকর্তাদের দেওয়ার কথা বলে ৬০ হাজার টাকা নিয়েছেন সংরক্ষিত ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য জুহুরা বেগম। বাকি টাকা খরচ হয়েছে দুই হাজার ইটসহ অন্যান্য নির্মাণসামগ্রী কেনা ও পরিবহনশ্রমিকদের পেছনে।
নিয়ম অনুযায়ী, অসহায় ও গৃহহীনদের মধ্যে বিনা মূল্যে সরকারের আশ্রয়ণ প্রকল্পের ঘর দেওয়ার কথা। তবে সোনারগাঁ উপজেলায় সুবিধাভোগী ১৪০ জন ঘর পাওয়া নিয়ে নানা অভিযোগ করেছেন। উপজেলায় আশ্রয়ণ প্রকল্প-২ অধীনে ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ঘরের সংখ্যা ১৯০। এর মধ্যে ৫০টি নির্মাণাধীন। বাকি ১৪০টি ঘর এক থেকে দেড় বছর আগে নির্মাণ শেষে হস্তান্তর করা হয়েছে।
১৪০ জনের মধ্যে ২৬ জন অভিযোগ করেছেন, প্রশাসনের নাম ব্যবহার করে কাঁচপুর ইউনিয়নের সাবেক ওয়ার্ড সদস্য জুহুরা বেগম বিভিন্ন পরিমাণে টাকা নিয়েছেন।
চলতি বছরের ২ ফেব্রুয়ারি থেকে ১৩ মার্চ পর্যন্ত পৃথকভাবে ১৪০টি ঘর পাওয়া সুবিধাভোগীদের সঙ্গে কথা বলেন প্রতিবেদক। তাঁদের মধ্যে ১৪০ জনই বলেছেন, ঘরের জন্য সরকারিভাবে সরবরাহ করা মালামাল পরিবহনের খরচ তাঁদের বহন করতে হয়েছে। উপজেলা প্রশাসকের কার্যালয়ের অফিস সহকারী শরীফুল ইসলামের নির্দেশে তাঁরা পরিবহনশ্রমিকদের এই টাকা দিয়েছেন। আবার এসব মালামাল পরিমাণে কম ও নিম্নমানের হওয়ায় নতুন করে তাঁদেরই ইট, সিমেন্ট কিনতে হয়েছে। এই ১৪০ জনের মধ্যে ২৬ জন অভিযোগ করেছেন, প্রশাসনের নাম ব্যবহার করে কাঁচপুর ইউনিয়নের সাবেক ওয়ার্ড সদস্য জুহুরা বেগম বিভিন্ন পরিমাণে টাকা নিয়েছেন।
১৪০টি ঘর নির্মাণ ও হস্তান্তরের সময় উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছিলেন আতিকুল ইসলাম। তিনি বর্তমানে বর্তমানে ঢাকায় জাতীয় নদী রক্ষা কমিশনে উপপ্রধান (হাইড্রোলজিস্ট) হিসেবে কর্মরত। আতিকুল ইসলাম বলেন, ‘আমার সময়ে যেসব ঘর নির্মাণ করা হয়েছে, সেসব ঘরের ক্ষেত্রে কোনো অনিয়ম-দুর্নীতি হয়নি। কেউ প্রশাসনের নাম ব্যবহার করে অবৈধভাবে অর্থ লেনদেনের সঙ্গে জড়িত কি না, তা আমার জানা নেই। আমি স্বচ্ছভাবে ঘরগুলো নির্মাণ করে হতদরিদ্রদের বুঝিয়ে দিয়েছি।’
কিনতে হয়েছে নির্মাণসামগ্রী
উপজেলার সনমান্দি ইউনিয়নের ঈমানেরকান্দি গ্রামের বাসিন্দা আবদুল মতিন পেশায় আচার বিক্রেতা। তাঁর স্ত্রী নাসিমা বেগম অন্যের বাড়িতে কাজ করেন। এক বছর আগে নাসিমা বেগমের নামে প্রকল্পের একটি ঘর বরাদ্দ দেওয়া হয়। নাসিমা বলেন, ইউএনওর কার্যালয়ের অফিস সহকারী শরীফুল ইসলামের তত্ত্বাবধানে নির্মাণশ্রমিকেরা ঘরটি নির্মাণের জন্য তাঁকে দিয়ে ৫০ হাজার টাকার মালামাল কেনান। ওই টাকা তিনি এনজিও থেকে ঋণ নেন।
নাসিমা আরও বলেন, ১৫ দিন ঘরটিতে থাকার পর শরীফুল ইসলাম ইউএনওর কার্যালয়ের কর্মচারীদের সঙ্গে নিয়ে এসে তাঁকে ঘর থেকে উচ্ছেদ করেন। পরে রাতেই ঘরটি ভাঙা হয়। পরে শরীফুল লোক মারফত ২০ হাজার টাকা ফেরত দেন। এ ব্যাপারে ইউএনওর কার্যালয়ের অফিস সহকারী শরীফুল ইসলাম বলেন, ঘরটি ভুলবশত নিচু জায়গায় নির্মাণ করা হয়েছিল। তৎকালীন ইউএনওর নির্দেশেই রাতে ঘরটি ভাঙা হয়। তবে তিনি অবৈধভাবে অর্থ লেনদেনের সঙ্গে জড়িত নন।
ইউপি সদস্য নিয়েছেন টাকা
কাঁচপুর ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম বেহাকৈর, পূর্ব বেহাকৈর ও সেনপাড়া নামের তিন গ্রামে প্রকল্পের ২৬টি ঘর দেওয়া হয়েছে। সরেজমিন ঘর পাওয়া ২৬ জন ব্যক্তির সঙ্গে কথা হয় এ প্রতিবেদকের। ঘর পাওয়া নারী-পুরুষদের অভিযোগ, সংরক্ষিত ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের নারী সদস্য জুহুরা আক্তার ঘর বরাদ্দ দেওয়ার আগেই ৪০ থেকে ৬০ হাজার টাকা করে ইউএনওর কার্যালয়ে দেওয়ার কথা বলে হাতিয়ে নিয়েছেন।
পশ্চিম বেহাকৈর গ্রামের মৃত মান্নান মিয়ার স্ত্রী নুরুন নাহার (৬১) বলেন, সরকারি ঘর পেতে জুহুরা বেগমকে ৬০ হাজার টাকা দিয়েছেন। এ ছাড়া ঘরের নির্মাণসামগ্রী ক্রয়, পরিবহন খরচসহ তাঁকে মোট ১ লাখ ৮০ হাজার টাকা খরচ করতে হয়েছে। একই গ্রামের সীমা আক্তার বলেন, জহুরা বেগমকে তিনি ৪০ হাজার টাকা দিয়েছেন। সিমেন্ট, ইট-বালু ক্রয়, নির্মাণশ্রমিকদের খাওয়া, পরিবহন খরচসহ ১ লাখ ৬০ হাজার টাকা ব্যয় হয়।
এসব অভিযোগ প্রসঙ্গে জুহুরা বেগম বলেন, তাঁর ওয়ার্ডের ২৬টি ঘর সাবেক ইউএনওর অধীনে নির্মিত হয়েছে। তিনি কাজগুলোর তদারকি করেছেন মাত্র। সরকারিভাবে ঘরগুলোতে নিম্নমানের ২ নম্বর ইট দেওয়া হয়। রড, সিমেন্টও কম দেওয়া হয়। অতিরিক্ত মালামাল ক্রয় করতে এসব অর্থ ব্যয় হয়। এ কারণে ঘরগুলো নির্মাণ করতে ব্যয় বেশি হয়েছে।
জুহুরা বেগম বলেন, ‘আমি ব্যক্তিভাবে কারও কাছে থেকে অর্থ আদায় করিনি। সুবিধাভোগীদের কাছে থেকে অর্থ আদায়সহ কোনো অনিয়ম হয়ে থাকলে সাবেক ইউএনও ও তাঁর কার্যালয়ের সহকারী শরীফুল ইসলাম বলতে পারবেন। শরীফুল ইসলামের মাধ্যমে সব কাজ করানো হয়েছে।’
কাঁচপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ ওমর বলেন, তিনি প্রকল্প কমিটির (পিআইসি) সদস্য হলেও তাঁকে পাশ কাটিয়ে সাবেক ইউএনও আতিকুল ইসলাম সংরক্ষিত ওয়ার্ডের সদস্য জুহুরা বেগমের মাধ্যমে তালিকা করে এসব ঘর নির্মাণ করেছেন। ঘর নির্মাণের কেলেঙ্কারি হওয়ার কারণে ওই নারী সদস্য এ বছর নির্বাচনে জয়ী হতে পারেনি।
বিত্তবানেরা পেয়েছেন ঘর
ইউএনওর কার্যালয় থেকে প্রায় আধা কিলোমিটার দূরে বৈদ্যেরবাজার ইউনিয়নের চান্দেরকীর্তি গ্রাম। এ গ্রামের বাসিন্দা আবদুল করিম ১৮ বছর ধরে গ্রিসে চাকরি করেছেন। পাঁচ বছর আগে তিনি মারা যান। এর আগে তিন ইউনিটের পাকা বাড়ি নির্মাণ করেন। নিজের পাকা বাড়ি থাকা সত্ত্বেও করিমের স্ত্রী নাসরিন আক্তার আশ্রয়ণ প্রকল্পের একটি ঘর পেয়েছেন। এক বছর আগে ঘরটির নির্মাণকাজ শেষ হলেও সেখানে কেউ থাকেন না। সম্প্রতি সরেজমিনে ঘরটি তালাবদ্ধ অবস্থায় দেখা যায়।
নাসরিন আক্তার বলেন, তিনি ভেবেছিলেন সরকারিভাবে বড় ধরনের ভবন দেওয়া হবে। তাই ঘরের জন্য আবেদন করেন। পরে দেখেন ঘর বেশ ছোট। নাসরিন বলেন, ‘এত ছোট ঘরে আমাদের পক্ষে বসবাস করা সম্ভব নয়। তবে বরাদ্দ পাওয়ার পর নিজ খরচে এক হাজার ইট কিনেছি। উপজেলা থেকে নির্মাণসামগ্রী আনতেও পরিবহন খরচ বহন করেছি।’
প্রকল্প কমিটির সদস্যর বক্তব্য
আশ্রয়ণ প্রকল্প-২ এর নীতিমালায় ইউএনও, সহকারী কমিশনার (ভূমি), এলজিইডির উপজেলা প্রকৌশলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানদের নিয়ে প্রকল্প কমিটি করার নির্দেশ রয়েছে। কমিটির সদস্যসচিব ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল জব্বারের অভিযোগ, সুবিধাভোগী নির্বাচন ও ঘর নির্মাণকাজ সরাসরি সাবেক ইউএনওর মাধ্যমে হয়েছে। প্রকল্প কমিটির কোনো সভাও হয়নি। দুর্নীতি ও অনিয়ম হয়ে থাকলে বিষয়টি সাবেক ইউএনও বলতে পারবেন।
বর্তমান ইউএনও তৌহিদ এলাহী বলেন, প্রকল্পের ঘর নিয়ে তিনি নানা অভিযোগ জানতে পেরেছেন। বিষয়টির তদন্ত হচ্ছে। আর নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ বলেন, ‘আশ্রয়ণ-২ প্রকল্পের ঘর নিয়ে বিভিন্ন সময়ে ঢালাওভাবে অভিযোগ পাচ্ছি। অনিয়ম ও দুর্নীতির সঠিক তথ্য তুলে ধরে কেউ অভিযোগ করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’