পাকা সড়ক যেন মাটির রাস্তা

সংস্কার না হওয়ায় সড়কটি শুষ্ক মৌসুমে ধুলায় এবং একটু বৃষ্টি হলে কাদায় একাকার হয়ে যায়।

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর ছান্দ্রা সড়কের ওলানপাড়া মোড় থেকে ছান্দ্রা পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার বেহাল। সম্প্রতি সড়কের ওলানপাড়ায়ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর ছান্দ্রা সড়কের ওলানপাড়া মোড় থেকে ছান্দ্রা পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার ১২ বছরের বেশি সময় ধরে বেহাল। সড়কটি গুরুত্বপূর্ণ হলেও সংস্কারের অভাবে এ পথে হেঁটে চলা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

উপজেলার রামনগর গ্রামের সিএনজিচালিত অটোরিকশাচালক ইকবাল হোসেন বলেন, সংস্কার না হওয়ায় সড়কটি শুষ্ক মৌসুমে ধুলায় একাকার হয়ে যায়। এ ছাড়া একটু বৃষ্টি হলে সড়কটি কাদায় একাকার হয়ে যায়। সড়কটির ইট, সুরকি, পিচ উঠে মাটির সড়কে পরিণত হয়েছে।

রামনগর গ্রামের বাসিন্দা ও স্থানীয় বারপাড়া বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল বাশার বলেন, সড়কটি ২০০৩-০৪ অর্থবছরে পাকা করা হয়। এর পর থেকে আর সংস্কার করা হয়নি। পাকা সড়কটি ধীরে ধীরে মাটির সড়কে পরিণত হয়েছে। অথচ সড়কের এ অংশ দিয়ে ওলানপাড়া, রামনগর, ছান্দ্রা, চররায়পুর ও বানিযাপাড়া গ্রামের প্রায় পাঁচ হাজার লোক নিয়মিত চলাচলে দুর্ভোগ পোহাচ্ছেন।

ওলানপাড়া গ্রামের বাসিন্দা গৃহবধূ শাহনাজ আক্তার ও লাভলী আক্তার বলেন, বৃষ্টি হলে এ সড়ক কাদায় একাকার হয়ে যায়। কোনো ধরনের গাড়ি চলাচল করতে পারে না। সড়কের আশপাশের গ্রামের কেউ অসুস্থ হলে হাসপাতালে নেওয়া কষ্টকর হয়ে যায়।

ওলানপাড়া গ্রামের দোকানদার মো. আইনুল হক বলেন, বৃষ্টির পর এ সড়ক দিয়ে দোকানের মালামাল আনতে কোনো গাড়ি পাওয়া যায় না।

গৌরীপুর গ্রামের বাসিন্দা কৃষক ইদু মিয়া ব্যাপারী বলেন, সড়কের অবস্থা চরম পর্যায়ে পৌঁছেছে। কয়েকটি গ্রামের মাঠের ফসল পরিবহনের মারাত্মক সমস্যা হচ্ছে।

গৌরীপুর সরকারি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র বায়েজিদ মিয়া, গৌরীপুর সুবল আফতাব উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী মাহমুদা আক্তার ও হাফছা আক্তার বলে, শুষ্ক মৌসুমে ধুলায় ও বৃষ্টিতে কাদায় এ সড়কে হাঁটা দায় হয়ে পড়ে।

গৌরীপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ফয়েজ মিয়া বলেন, ‘সড়কটি সংস্কারে উপজেলা এলজিইডি প্রকৌশলীকে বারবার তাগাদা দিয়ে যাচ্ছি।’

এলজিইডির দাউদকান্দি উপজেলা উপসহকারী প্রকৌশলী মো. মাহববুর রহমান বলেন, ‘সড়কটি সংস্কারের জন্য বরাদ্দ চেয়ে সর্বশেষ গত জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে কুমিল্লা নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের মাধ্যমে ঢাকার প্রধান কার্যালয়ে লিখিত আবেদন পাঠিয়েছি। বরাদ্দ এলে সংস্কারকাজ শুরু করা হবে।’