পাকিস্তানি দোসররা এখনো ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড় সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় জেলা শহরের পঞ্চগড় উচ্চবিদ্যালয় মাঠে
ছবি: রাজিউর রহমান

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘একাত্তরের মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি সৈন্যদের আমরা বিতাড়িত করেছি। কিন্তু তাদের দোসর আলবদর, আলশামস ও রাজাকাররা আজও দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তারাই আজ কারণে-অকারণে ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করছে।’

বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় জেলা শহরের পঞ্চগড় উচ্চবিদ্যালয় মাঠে সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

আ ক ম মোজাম্মেল হক বলেন, গতকাল আপনারা শুনেছেন, ধর্মীয় উত্তেজনা সৃষ্টি করার জন্য পূজামণ্ডপে গোপনে তারা কোরআন রেখে এসেছে। সেখানে কোরআন রেখে এসে চারদিকে ফোন করে বলেছে, কোরআনের অবমাননা হচ্ছে মন্দিরে। যে রেখেছে, সে ধরাও পড়ে গেছে। আপনারা স্বাভাবিকভাবে চিন্তা করুন, কোনো পাগলে বলবে কোরআন শরিফ রেখে হিন্দুরা পূজা করে? হিন্দুরা যুগ যুগ ধরে তাদের ধর্মীয় উৎসব উদ্‌যাপন করে আসছে। কখনো কি দেখেছেন, তারা মন্দিরে কোরআন নিয়ে পূজা করে অবমাননা করেছে। এগুলো হলো ইচ্ছাকৃতভাবে উত্তেজনা সৃষ্টি করা। এখন রাজনীতি করার কোনো পয়েন্ট না পেয়ে এই ডিজিটাল যুগে তারা মিথ্যাচার করে অপপ্রচার করছে।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় যে ভারত আমাদের সাহায্য করেছিল। এখন উন্নয়নের দিক থেকে আমরা তাদের ছাড়িয়ে গেছি। আজ মাতৃমৃত্যু, শিশুমৃত্যু, মানুষের গড় আয়ু, স্যানিটেশন, নিরাপদ সুপেয় পানির ব্যবস্থাসহ বিভিন্ন নাগরিক সুবিধা ভারত এখনো ৬০ ভাগ মানুষকেই দিতে পারেনি। এসব নাগরিক সুযোগ-সুবিধা আমরা প্রায় শতভাগ অর্জন করে ফেলেছি। আর পাকিস্তানের কথা বাদ দিন, সেটা তো ব্যর্থ, অকার্যকর, জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়েছে। আমাদের এসব উন্নয়নের পেছনে শেখ হাসিনার সদিচ্ছায় জনগণের আমানতের জনগণের জন্য যথার্থ ব্যবহার হয়েছে।’

দেশে গৃহহীন কোনো মানুষ থাকবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, যাঁদের ঘরবাড়ি নেই তাঁদের ঘরবাড়ি করে দেওয়া হচ্ছে। আগের চেয়ে দুস্থদের বাড়ি বানানোর বরাদ্দ আরও বাড়ানো হয়েছে।

পঞ্চগড় জেলা প্রশাসক মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে পঞ্চগড়-১ আসনের সাংসদ মজাহারুল হক প্রধান, পঞ্চগড়ের সাবেক জেলা প্রশাসক ও খাদ্য মন্ত্রণালয়ের উপসচিব সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার মোহাম্মাদ ইউসুফ আলী, জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত, পঞ্চগড় পৌরসভার মেয়র জাকিয়া খাতুন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, বীর মুক্তিযুদ্ধা এ টি এম সারোয়ার হোসেন, আলাউদ্দিন প্রধান, সায়খুল ইসলাম বক্তব্য দেন।