পাকুন্দিয়া আ.লীগ সোহরাব নতুন আহ্বায়ক

জেলা আওয়ামী লীগের কার্যকরী পর্ষদের সভা থেকে এই কমিটি ঘোষণা করা হয়। তবে কমিটির আর কোনো সদস্যের নাম ঘোষণা করা হয়নি।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জ জেলার মানচিত্র।
প্রতীকী ছবি

বিলুপ্তির ১০ মাস পর সাবেক সাংসদ মো. সোহরাব উদ্দিনকে আহ্বায়ক করে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে জেলা আওয়ামী লীগের কার্যকরী পর্ষদের সভা থেকে এই কমিটি ঘোষণা করা হলো। তবে কমিটির আর কোনো সদস্যের নাম ঘোষণা করা হয়নি।

আহ্বায়ক হিসেবে সোহরাবের নাম ঘোষণায় দলের একাংশ খুশি হলেও বেজায় নাখোশ হয়েছেন বর্তমান সাংসদ নূর মোহাম্মদের অনুগতরা। তাঁরা কঠোর বিধিনিষেধ ভেঙে সোহরাবের বিরুদ্ধে বিক্ষোভ করেন। পরে ডাকবাংলো চত্বরে সাবেক যুগ্ম আহ্বায়ক মোতায়েম হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সভা হয়। মোতায়েম সাংসদের অনুগত হিসেবে পরিচিত।

বক্তারা বলেন, সোহরাব জাতীয় পার্টি থেকে আসা একজন নেতা। তিনি দলে এখনো অপরিচিত। কিন্তু তিনি জেলা কমিটির সুনজরে রয়েছেন। সেই কারণে এই মুহূর্তে দল থেকে অনেকটা বিচ্ছিন্ন এই নেতাকে দিয়ে দল চালাতে চাচ্ছে। আর যা–ই হোক, এই নেতাকে আহ্বায়ক মেনে পাকুন্দিয়া আওয়ামী লীগ পরিচালনা করতে দেওয়া হবে না। সভা থেকে সোহরাব উদ্দিনকে দল থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। একই দাবিতে আজ শনিবার সকালে মানববন্ধন কর্মসূচি ও সংবাদ সম্মেলন আহ্বান করা হয়েছে।

পাকুন্দিয়া ও কটিয়াদী উপজেলা নিয়ে কিশোরগঞ্জ-২ আসন। সোহরাব উদ্দিনের বাড়ি পাকুন্দিয়ায়, আর নূর মোহাম্মদ কটিয়াদীর বাসিন্দা। সোহরাবকে হটিয়ে নূর মোহাম্মদ নৌকার টিকিটে সাংসদ হওয়ার পর দুজনের মধ্যে প্রথমে নীরব উত্তেজনা, পরে তা প্রকাশ্য রূপ পায়।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ আফজল প্রথম আলোকে বলেন, পাকুন্দিয়া আওয়ামী লীগের রাজনীতি দীর্ঘদিন ধরে অশান্ত। বিশেষ করে কয়েক মাস ধরে নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এই রকম বাস্তবতায় দল গঠনে সোহরাব উদ্দিনকে বিকল্প মনে হয়েছে।

দলীয় সূত্র জানায়, পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি নেই প্রায় দুই যুগ। লম্বা সময় উপজেলাটিতে আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছে আহ্বায়ক কমিটি। শেষে গেল বছরের ২০ সেপ্টেম্বর কমিটি বিলুপ্ত করা হয়। কমিটি না থাকলেও সাংসদের নেতৃত্বে পাকুন্দিয়ার ইউনিয়ন কমিটি গঠন প্রক্রিয়া চলমান ছিল। এই ঘটনায় ২১ জুন কেন্দ্র সব ধরনের সাংগঠনিক কার্যক্রম স্থগিত রাখার নির্দেশনা পাঠায়। এরপর থেমে যাননি সাংসদ।

৯ জুলাই কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এক চিঠির মাধ্যমে নূর মোহাম্মদের করা সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত করে দেন। ওই চিঠির পর, বিশেষ করে জেলা কমিটির সঙ্গে নূর মোহাম্মদের দূরত্ব বাড়ে।

মোতায়েম হোসেন বলেন, ‘ভিন্ন দল থেকে আসা সুবিধাবাদী এই ব্যক্তিকে আহ্বায়ক মেনে দল করব না। করতে দেব না। আগামীকাল থেকে এই ইস্যুতে আমাদের টানা কর্মসূচি চলবে।’

গতকাল সকাল থেকে সাংসদ নূর মোহাম্মদ পাকুন্দিয়া ডাকবাংলোয় অবস্থান করেন। সাংসদের অবস্থানের খবর জেনে দলীয় বেশ কিছু নেতা-কর্মী ডাকবাংলোয় আসেন। সেখানে গিয়ে সাংসদের কাছে এই বিষয়ে করণীয় জানতে চান। তখন নেতা-কর্মীদের উদ্দেশে নূর মোহাম্মদ বলেন, ‘আপনারা যা চান, আমি তার পক্ষেই আছি। আপনারা যদি এই কমিটি মেনে না নেন, তাহলে আমিও মেনে নেব না। এই বিষয়ে যা করা প্রয়োজন, তার সঙ্গে থাকব।’

পুরো বিষয় নিয়ে কথা হয় আহ্বায়ক সোহরাব উদ্দিনের সঙ্গে। একাংশের বিক্ষোভের বিষয়ে তিনি সাংসদকে ইঙ্গিত করে বলেন, এক ব্যক্তির ইঙ্গিতে কিছু লোক নড়াচড়া করছে। এসব থেমে যাবে। দলে তিনি অপরিচিত, এমন অভিযোগ বিষয়ে তাঁর মন্তব্য, ‘দল করছি ২২ বছর। দুবার জনপ্রতিনিধিও হয়েছি। এরপর একজন আর অপরিচিত থাকে কীভাবে?’