পাকুন্দিয়ায় নবগঠিত আ.লীগের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকুন্দিয়ায় উপজেলা আওয়ামী লীগের নবগঠিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল। মঙ্গলবার পাকুন্দিয়া বাজারে
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উপজেলা আওয়ামী লীগের নবগঠিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিক্ষুব্ধ নেতা-কর্মীরা। আজ মঙ্গলবার দুপুরে স্থানীয় সাংসদ নূর মোহাম্মদের সমর্থক আওয়ামী লীগের নেতা-কর্মীরা এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।

মিছিলটি উপজেলা পরিষদ গেটের সামনে থেকে শুরু হয়ে পৌর সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি বাবুল আহমেদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন নারান্দী ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, বুরুদিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা, হোসেন্দী ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান, উপজেলা যুবলীগের আহ্বায়ক হেলাল উদ্দিন প্রমুখ।

মঙ্গলবার দুপুরে স্থানীয় সাংসদ নূর মোহাম্মদের সমর্থক আওয়ামী লীগের নেতা-কর্মীরা এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।
পাকুন্দিয়ায় উপজেলা আওয়ামী লীগের নবগঠিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ। মঙ্গলবার পাকুন্দিয়া বাজারে
ছবি: সংগৃহীত

সমাবেশে বক্তারা বলেন, বিতর্কিত ব্যক্তিকে আহ্বায়ক করে এবং বিএনপি-জামায়াতের লোকদের নিয়ে উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়েছে। তাঁরা এই বিতর্কিত কমিটি মানেন না। অবিলম্বে এ কমিটি বাতিল করতে জেলা নেতাদের প্রতি আহ্বান জানান তাঁরা।

৯ সেপ্টেম্বর কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের সাবেক সাংসদ মো. সোহরাব উদ্দিনকে আহ্বায়ক করে ৬৭ সদস্যবিশিষ্ট পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির অনুমোদন দেয় জেলা আওয়ামী লীগ। গতকাল সোমবার কমিটির বিষয়টি জানার পরেই আন্দোলনের ঘোষণা দেয় প্রতিপক্ষ।

এ বিষয়ে নবগঠিত কমিটির আহ্বায়ক সোহরাব হোসেন বলেন, আওয়ামী লীগের ত্যাগী নেতাদের নিয়েও কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে তো আর সবাইকে রাখা যাবে না। এতে সন্তোষ-অসন্তোষ থাকতেই পারে। তবে সবাইকে নিয়ে তিনি দলকে সুসংগঠিত করার কাজ করে যাবেন।