পাকুন্দিয়ায় পুলিশের গাড়ির সঙ্গে ভ্যানের সংঘর্ষে চালক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় পুলিশের একটি পিকআপের সঙ্গে কাঁঠালবোঝাই ভ্যানের সংঘর্ষে মো. এমরুল ইসলাম (৩৫) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে কিশোরগঞ্জ-পাকুন্দিয়া সড়কের সুখিয়া বাজার-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ভ্যানচালক এমরুল উপজেলার কোদালিয়া এলাকার আবু বকর সিদ্দিকের ছেলে। দুবাইপ্রবাসী এমরুল কয়েক দিন আগে দেশে এসেছেন। কয়েক দিন পরে তাঁর চলে যাওয়ার কথা ছিল।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে জেলা পুলিশ লাইনস থেকে পুলিশের একটি পিকআপ পাকুন্দিয়ায় আসছিল। অন্যদিকে বিপরীত দিক থেকে কাঁঠালবোঝাই ভ্যানগাড়ি নিয়ে যাচ্ছিলেন প্রবাসী এমরুল। ভ্যানগাড়িটি সুখিয়া বাজারসংলগ্ন এলাকায় পৌঁছালে পুলিশের পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মাথায় গুরুতর আঘাত পান এমরুল। পুলিশের পিকআপ দিয়েই তাঁকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগে বেলা সাড়ে তিনটার দিকে এমরুল মারা যান। ওসি বলেন, এমরুলের পরিবার থেকে এ বিষয়ে মামলা করলে সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিহত ব্যক্তির ছোট ভাই মো. আল আমিন বলেন, তাঁর ভাই দুবাই থেকে কয়েক দিন আগে দেশে ফেরেন। কয়েক দিন পরে চলে যাওয়ার কথা। কিন্তু সড়ক দুর্ঘটনায় ভাইয়ের প্রাণ চলে গেল। সন্ধ্যায় মুঠোফোনে তিনি বলেন, তাঁরা ময়মনসিংহ থেকে লাশ নিয়ে বাড়ির পথে। মামলার বিষয়ে বাড়িতে যাওয়ার পর সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।