পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদ থেকে স্কুলছাত্রীর লাশ উদ্ধার
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ব্রহ্মপুত্র নদ থেকে রত্না আক্তার (১০) নামের এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার বাহাদিয়া এলাকা থেকে রত্নার লাশ উদ্ধার করা হয়। এর আগে গতকাল দুপুরে নদের স্লুইসগেটের পাশে গোসল করতে নেমে নিখোঁজ হয় সে। রত্না বাকপ্রতিবন্ধী। তার বাবার নাম আবদুল আউয়াল।
স্থানীয় লোকজনের বরাত দিয়ে পাকুন্দিয়া থানা-পুলিশ জানিয়েছে, রত্না স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে পড়ত। গতকাল দুপুরে বাড়ির পাশের ব্রহ্মপুত্র নদে স্লুইসগেটের পাশে গোসল করতে গিয়ে পানির স্রোতে ভেসে যায় সে। এরপর থেকে সে নিখোঁজ ছিল।
পরিবারের লোকজন ও স্থানীয়রা সন্ধ্যা পর্যন্ত নদের আশপাশে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে ঘটনাটি পুলিশকে জানান। রাতেই কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে প্রায় দুই ঘণ্টা অভিযান চালিয়ে রত্নার লাশ উদ্ধার করে।
পাকুন্দিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. শ্যামল মিয়া জানান, ডুবুরি দল ঘটনাস্থলের কাছেই রত্নার লাশের সন্ধান পায়। রত্নার মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।