নৌকাডুবিতে নিখোঁজ শিক্ষার্থীর লাশ ৩১ ঘণ্টা পর উদ্ধার
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে নৌকাডুবিতে নিখোঁজ স্নাতক শিক্ষার্থী মোবারক হোসেনের (২১) লাশ উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার চরফরাদী ইউনিয়নের দক্ষিণ চরটেকী এলাকার ব্রহ্মপুত্র নদে তাঁর লাশ ভেসে ওঠে। পরে এলাকাবাসী লাশটি উদ্ধার করেন।
নিহত মোবারক হোসেন উপজেলার চরফরাদী ইউনিয়নের চরপাড়াতলা গ্রামের মো. বকুল মিয়ার ছেলে ও পাকুন্দিয়া সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে নৌকাডুবির ঘটনায় তিনি নিখোঁজ হন। ওই দিন সন্ধ্যা পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালালেও তাঁর সন্ধান পাওয়া যায়নি।
নিহত মোবারক হোসেন পাকুন্দিয়া সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মোবারক তাঁর দুই বন্ধু সম্রাট ও জাকির হোসেনকে নিয়ে ময়মনসিংহের পাগলা এলাকায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন। পথে ব্রহ্মপুত্র নদ পার হওয়ার সময় তাঁদের বহনকারী নৌকাটি ডুবে যায়। এ সময় মোবারকের দুই বন্ধু সম্রাট ও জাকির এবং নৌকার মালিক ফারুক মিয়া সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও মোবারক নদের পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান জানান, বুধবার সন্ধ্যা সাতটার দিকে ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে নিখোঁজ মোবারক হোসেনের লাশ ভেসে ওঠে। এ সময় এলাকাবাসীর সহযোগিতায় তাঁর লাশ উদ্ধার করা হয়।