পাখি শিকার বন্ধে সাইকেল শোভাযাত্রা
‘জীবনের জন্য পাখি, তাদের সযত্নে রাখি’ এই প্রতিপাদ্য সামনে নিয়ে মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটার ইছামতির বিল এলাকায় সাইকেল শোভাযাত্রা হয়েছে। নহাটা ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে শুক্রবার সকালে জীববৈচিত্র্য রক্ষায় শীতে আসা অতিথি পাখি শিকার বন্ধে জনসচেতনতামূলক এই শোভাযাত্রা করা হয়।
শোভাযাত্রাটি নহাটা ইউনিয়ন সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সংগঠনটির কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনটির সম্পাদক মো. শাহজান মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন মহম্মদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হরেকৃষ্ণ অধিকারী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন নহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বুরহান উদ্দিন। এ সময় সংগঠনের সদস্য, উপদেষ্টামণ্ডলীর সদস্য, আজীবন ও দাতা সদস্যরা উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার হরেকৃষ্ণ অধিকারী বলেন, প্রকৃতির প্রাণ এই পাখি কেউ যাতে শিকার করতে না পারে, সেই জন্য কাজ করা হচ্ছে। পাখিশিকারিদের নাম সংগ্রহ করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
নহাটা ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া বলেন, নহাটায় ইছামতির বড় বিল আছে। প্রতিবছর শীতকালে এখানে প্রচুর অতিথি পাখির সমাগম হয়। একশ্রেণির শিকারির ফাঁদে প্রচুর পাখি ধরা পড়ে। এতে পাখির সংখ্যা কমে যাচ্ছে। তাই অতিথি পাখি শিকার বন্ধে জনসচেতনতামূলক সাইকেল র্যালিসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।