পাখি শিকারের তথ্য দিলে কম্বল ও টি-শার্ট উপহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলনবিলে পাখি শিকারের বিষয়ে তথ্য দেওয়ায় এক তরুণকে ক্যাপ ও টি-শার্ট উপহার দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার সকালে জোড়মল্লিকা এলাকায়
প্রথম আলো

চলনবিলে পাখিশিকারিকে ধরিয়ে দিলে বয়স্কদের একটি কম্বল এবং তরুণদের ক্যাপ ও টি-শার্ট উপহার দেওয়া হচ্ছে। পাখি রক্ষায় এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে নাটোরের সিংড়া উপজেলার চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি। আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ১০ জন সংবাদদাতার হাতে এ উপহার তুলে দিয়েছে সংগঠনটি। পুরো শীতকালে এ কর্মসূচি চলবে।

চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি সূত্রে জানা যায়, প্রতিবছর শীতের সময় চলনবিলে পাখির উপস্থিতি বাড়ে। এ সুযোগে পাখিশিকারিদের উৎপাতও বেড়ে যায়। এ জন্য সংগঠনের স্বেচ্ছাসেবী কর্মীরা পাখি রক্ষায় এ কর্মসূচি হাতে নিয়েছে। কর্মসূচির অংশ হিসেবে পাখিশিকারিকে ধরিয়ে দিলে বা পাখি শিকারের সংবাদ দিলে বয়স্কদের একটি কম্বল ও তরুণদের ক্যাপ ও টি-শার্ট দেওয়া হবে। একই সঙ্গে সচেতনতামূলক লিফলেটও বিতরণ করা হচ্ছে।

কমিটির সদস্যরা বলেন, পাখিশিকারিদের সম্পর্কে তথ্য দেওয়ায় আজ দুপুর পর্যন্ত ছয় তরুণকে ক্যাপ ও টি-শার্ট এবং চার বয়স্ক ব্যক্তিকে কম্বল উপহার দেওয়া হয়। এর আগে কর্মসূচি সফল করতে তাঁরা গতকাল বুধবার থেকে সিংড়া উপজেলার নিংগইন, জোড়মল্লিকা, ভাগনাগরকান্দি ও শিববাড়ি এলাকায় প্রচারণা চালান। প্রচার অভিযানে যোগ দেন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি ও বিল হালতি ত্রিমোহনী অনার্স কলেজের শিক্ষক আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পরিবেশকর্মী খোকন আলী, হাসান আলী ও কোরবান আলী।

চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম বলেন, ‘আমাদের সংগঠনের কর্মীরা নিজেরা চাঁদা তুলে এসব কম্বল, টি-শার্ট ও ক্যাপ কিনেছেন। শীতজুড়ে এই কর্মসূচি চলবে।’

সংগঠনের সভাপতি আখতারুজ্জামান বলেন, চলনবিলের পাখি বাঁচাতে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধভাবে কাজ করা প্রয়োজন। বিশেষ করে নতুন প্রজন্মের তরুণদের এগিয়ে আসতে হবে। তাঁদের এ নতুন কর্মসূচিতে ব্যাপক সাড়া পড়েছে।