পাখির কলতানে মুখর নরসুন্দার পাড়, আছে শিকারিদের উৎপাত
হাজার হাজার পাখি সারাক্ষণ মুখরিত করে রাখে কিশোরগঞ্জ শহরের মুক্তমঞ্চ এলাকার নরসুন্দা নদীর পাড়। পাখি দেখতে প্রতিদিনই ভিড় করেন পাখিপ্রেমীরা। নরসুন্দা নদীর এই স্থানে কয়েক বছরে ধরেই আনাগোনা বেড়েছে পরিযায়ী পাখির। প্রতিবছর শীত মৌসুমে এখানে বাহারি রকমের পাখির দেখা মেলে।
দল বেঁধে পাখিগুলো যখন আকাশে ওড়ে, তা দেখে মন ভরে যায় প্রকৃতিপ্রেমীদের। বক, শামুকখোল, বালিহাঁসসহ নাম না–জানা অনেক পাখির কলরবে মুখরিত এলাকা। কাছে-দূরের অনেক মানুষ এসব পাখি দেখতে নরসুন্দা নদীর পাড়ে ভিড় করেন। পাখির ওড়াউড়ি যেমন নির্মল আনন্দ দেয়, তেমনই পাখি শিকারিদের উৎপাতের খবর দর্শনার্থীদের করে বেদনাহত। সেখানে দুষ্কৃতকারীরা রাতের আঁধারে বিভিন্ন ফাঁদ দিয়ে পাখি শিকার করেন বলে অভিযোগ আছে।
স্থানীয় বাসিন্দা শিক্ষক জাহাঙ্গীর কবির বলেন, শীত এলেই প্রচুর পাখি আসে এখানে। পাখির কিচিরমিচিরে মুখরিত থাকে পুরো এলাকা। তবে অসচেতনতা, সামান্য স্বার্থের কারণে বা শখের কারণে অনেকে শীতের পরিযায়ী পাখিদের শিকার করে মেরে ফেলছে। এতে সুন্দর বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশকে ধ্বংস করা হচ্ছে।
সমাজকর্মী মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, পাখিরা নিজ আবাসভূমি ছেড়ে এখানে চলে আসে। সেই পাখিগুলোর বেশির ভাগই আবার তাদের নিজ ভূমিতে শীত শেষে ফিরে যেতে পারে না একশ্রেণির অর্থলোভী পাখি শিকারির অত্যাচারে। এটা খুবই মর্মদায়ক। পাখি প্রকৃতির অলংকার। এ অলংকার ধ্বংস করা মানে পরিবেশ ধ্বংস করা।
গতকাল শনিবার মুক্তমঞ্চ এলাকার নরসুন্দা নদীর পাড়ে গিয়ে দেখা যায়, শান্ত জলের বুকে কচুরিপানার সবুজ গালিচার মধ্যে ঝাঁকবেঁধে ডানা মেলেছে পাখির দল। উড়ে চলা পাখির কিচিরমিচিরে মুখরিত চারপাশ।
কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলী সিদ্দিকী প্রথম আলোকে বলেন, পাখি শিকার খুবই অন্যায়। পাখিদের অবশ্যই রক্ষা করতে হবে। তবে শুধু আইন দিয়েই পাখি শিকার বন্ধ করা যাবে না; সর্বস্তরের মানুষকে এ ব্যাপারে সচেতন হতে হবে। এখানে পাখির অভয়াশ্রম করার বিষয়ে ব্যবস্থা নেবেন।
স্থানীয় বাসিন্দা মো. মুকসুদ আলী বলেন, পাখির কিচিরমিচিরে ভালো সময় কাটে এখানে। তবে কিছু দুষ্কৃতকারী রাতের আঁধারে বিভিন্ন ফাঁদ দিয়ে পাখি ধরে নিয়ে যায়। প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য পাখির বিচরণক্ষেত্র সুরক্ষার দায়িত্ব সবার। এ জন্য প্রশাসনের নজর দেওয়া উচিত।