পাগলা নদীর সংযোগ খালপাড়ের মাটি দেবে ক্ষতিগ্রস্ত ২৮টি বাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নদীর সঙ্গে সংযোগ খালপাড়ের মাটি দেবে যাওয়ায় ক্ষতিগ্রস্ত একটি বাড়ি। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার জোহরপুর গ্রামে
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাগলা নদীর সংযোগ খালের পাড়ের মাটি হঠাৎ দেবে যাওয়ায় প্রায় ২৫টি পাকা ও আধা পাকা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। গত বুধবার উপজেলার মোবারকপুর ইউনিয়নের জোহরপুর গ্রামে এ ঘটনা ঘটে। শনিবারও খালপাড়ে মাটি দেবে গিয়ে আরও কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পাগলা নদীর সঙ্গে সংযোগ খালের একটি স্লুইসগেটের কপাট খুলে দেওয়ায় খাল থেকে নদীতে দ্রুত পানি বেরিয়ে গেলে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত বাড়িঘরের মানুষ অন্যত্র আশ্রয় নিয়েছে।

ক্ষতিগ্রস্ত এলাকাটি হচ্ছে মোবারকপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডভুক্ত। এ ওয়ার্ডের সদস্য মো. মোস্তফা প্রথম আলোকে বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা আগে ছিল ২৩। এখন বেড়ে দাঁড়িয়েছে ২৮। এ সংখ্যা আরও বাড়তে পারে। ক্ষতিগ্রস্তদের মধ্যে হিন্দু পরিবারগুলো আশ্রয় নিয়েছে স্থানীয় একটি মন্দিরে। অন্যান্যের মধ্যে কেউ আত্মীয়স্বজনের বাড়ি, কেউ পার্শ্ববর্তী আমবাগানে আশ্রয় নিয়েছে। গ্রামটিতে চলছে কান্নার রোল। প্রায় সবাই দরিদ্র। বেশির ভাগই ঋণ নিয়ে পাকা ও আধা পাকা বাড়ি করেছে। খাল থেকে হঠাৎ করে পানি নেমে যাওয়াকেই দায়ী করছে ক্ষতিগ্রস্ত মানুষেরা।

বাড়িঘর ক্ষতিগ্রস্তের খবর পেয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাকিব-আল-রাব্বি গত বৃহস্পতিবার এলাকাটি পরিদর্শন করেন। তিনি বলেন, খালপাড়ের মাটি দেবে গেছে। এ কারণে বাড়িঘরে ফাটল দেখা দিয়েছে। কিছু বাড়ি ধসে পড়েছে, মেঝে দেবে গেছে। ওই সব বাড়িঘরের মানুষ পার্শ্ববর্তী আত্মীয়স্বজনের বাড়ি ও একটি আমবাগানে আশ্রয় নিয়েছে। খালপাড়ের মাটি অপেক্ষাকৃত নরম। অন্যদিকে মাটি ঠিকমতো পাইলিং না করে সেখানে পাকা বাড়ি নির্মাণ করা হয়। খাল থেকে হঠাৎ পানি নেমে যাওয়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত মানুষের কাছ থেকে এমন অভিযোগ পাওয়া গেছে।

ইউএনও বলেন, আশ্রয় হারানো পরিবারগুলোকে বলা হয়েছে, তারা ইচ্ছা পোষণ করলে তাদের আশ্রয়ণ প্রকল্পে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা ২০ থেকে ২৫।

এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী প্রকৌশলী সারোয়ার জাহান এবং শিবগঞ্জের দায়িত্বে থাকা উপসহকারী প্রকৌশলী চান মিয়ার সঙ্গে যোগাযোগ করা হয়। তবে তাঁরা এ ব্যাপারে কিছুই জানেন না বলে দাবি করেন।