আজ জাতীয় পাট দিবস
পাটকল চালুর অপেক্ষায় তাঁরা
অনেকে শ্রমিক ইজিবাইক বা রিকশা চালাচ্ছেন। আর সুযোগ পেলেই ছুটে আসছেন মিলগুলোতে।
খুলনার খালিশপুরের প্লাটিনাম জুবিলী জুটমিলে শ্রমিকের কাজ করতেন আজাদুর রহমান। ২৬ বছরের বেশি সময় ওই মিলে চাকরি করেছেন। মিল বন্ধ হওয়ার পর পাশেই পরিবার নিয়ে ঘর ভাড়া করে আছেন। অন্য কোনো কাজ করতে না পারায় বর্তমানে বেকার। দিন গুনছেন কবে মিল চালু হবে। প্রায়ই মিলে গিয়ে খোঁজ নেন। আগে থাকতেন প্লাটিনাম জুট মিলের কলোনিতে।
গত মঙ্গলবার দুপুরে প্লাটিনাম জুট মিলের কলোনির ভেতর থাকা মসজিদে নামাজ পড়ে গেটের নিরাপত্তাকর্মীদের সঙ্গে কথা বলছিলেন আজাদুর রহমান। এ সময় প্রথম আলোর সঙ্গে কথা হয় তাঁর। আজাদুর রহমান বলেন, বন্ধ হওয়ার তিন মাস পর মিল চালু হওয়ার কথা ছিল। কিন্তু ২০ মাসের বেশি সময় পেরিয়ে গেলেও তা চালু হয়নি। এখন মাঝেমধ্যে এসে খোঁজ নেন মিল চালু হওয়ার সম্ভাবনা আছে কি না। যাঁরা দীর্ঘদিন ধরে পাটকলে শ্রমিকের কাজ করেছেন, পারতপক্ষে তাঁরা অন্য কোনো ভারী কাজ করতে পারেন না। তাঁরা ওই একটি কাজই শিখেছেন। এ কারণে তাঁরা বেকার বসে আছেন।
আজাদুর রহমান আরও বলেন, ‘মিল বন্ধ হওয়ার পর যে টাকা পেয়েছিলাম, তা দিয়ে কয়েকটি গরু কিনেছি। সেখান থেকে ও জমা থাকা সঞ্চয়পত্র থেকে যে টাকা আসছে, এখন মূলত তা দিয়েই সংসার চলছে। বেকার বসে থাকতেও আর ভালো লাগছে না।’
আজাদুর রহমানের মতো মিল খোলার অপেক্ষায় দিন গুনছেন শত শত শ্রমিক। মিল বন্ধ হওয়ার পর বেশির ভাগ শ্রমিকই তাঁদের পরিবারকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। বেশির ভাগই বেকার। অনেকে ইজিবাইক বা রিকশা চালাচ্ছেন। আর সুযোগ পেলেই ছুটে আসছেন মিলগুলোতে। খোঁজ নিচ্ছেন মিল চালু হবে কি না জানতে। এ অবস্থায় আজ ৬ মার্চ পালিত হচ্ছে জাতীয় পাট দিবস।
২০২০ সালের ২ জুলাই সন্ধ্যায় খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর গেটে মিল বন্ধের নোটিশ টানানো হয়। পরদিন ৩ জুলাই সকাল থেকে পুরোপুরি বন্ধ হয়ে যায় মিলগুলো। মিলগুলো যখন বন্ধের নোটিশ টানানো হয়, তখনো শ্রমিকেরা জানতেন বেসরকারি উদ্যোগে মিলগুলো আবার চালু হবে। আগে কাজ করা শ্রমিকেরা সেখানে প্রাধান্য পাবেন। তবে গত ২০ মাসের বেশি সময় পেরিয়ে গেলেও মিল চালু না হওয়ায় এখন তাঁরা হতাশ। আদৌ মিল চালু হবে কি না, সেটি নিয়েও তাঁরা এখন সন্দিহান।
খুলনা অঞ্চলে রাষ্ট্রায়ত্ত ৯টি পাটকল রয়েছে। এর মধ্যে খুলনা নগরের খালিশপুরে চারটি ও ভৈরব নদের ওপর পাড়ে দিঘলিয়া উপজেলায় একটি পাটকল আছে। এ ছাড়া ফুলতলার আটরা শিল্প এলাকায় দুটি ও যশোরে দুটি পাটকল রয়েছে। এসব মিলে কাজ করতেন প্রায় ৩০ হাজার স্থায়ী ও অস্থায়ী শ্রমিক। ওই শ্রমিকদের অধিকাংশই এখন বেকার।
মিলগুলো ইজারা দিতেও বাংলাদেশ জুট মিলস করপোরেশনও (বিজেএমসি) চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইজারা দিতে দুবার দরপত্র আহ্বান করা হলেও শিল্পমালিকদের তা নিয়ে খুব বেশি আগ্রহ দেখা যায়নি। এখন পর্যন্ত মাত্র ক্রিসেন্ট জুট মিল ইজারা দিতে পেরেছেন। তবে ইজারামূল্য নিয়ে মালিকপক্ষের সঙ্গে দেনদরবার চলছে। আলীম জুট মিল বাদে অন্য সাতটি মিল ইজারা দিতে আবারও দরপত্র আহ্বান করার পরিকল্পনা করছে বিজেএমসি।
শ্রমিকনেতারা বলছেন, মিল বন্ধ হওয়ার সময় তিন মাসের মধ্যে আধুনিকায়ন করে চালু করা হবে—সরকারের এমন প্রতিশ্রুতি ছিল। এ কারণে শ্রমিকেরা আশায় ছিলেন। কিন্তু ২০ মাসেও মিল চালু না হওয়ায় এখন তাঁরা অনেকটা হতাশ। এমন পরিস্থিতিতে মিল চালুর ব্যাপারে সরকারকে নাড়া দিতে আবার সংঘবদ্ধ আন্দোলন করার পরিকল্পনা করছেন তাঁরা।
প্লাটিনাম জুট মিলের সর্বশেষ সিবিএ সাধারণ সম্পাদক শাহানা পারভীন বলেন, বন্ধ হওয়ার পর দীর্ঘদিন পেরিয়ে গেলেও পাটকল চালুর ব্যাপারে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। সরকারকে নাড়া দিতে চলতি মাসের মধ্যেই বড় আন্দোলনে যাওয়ার পরিকল্পনা করা হচ্ছে।
মিল চালুর ব্যাপারে বিজেএমসির মহাব্যবস্থাপক ও খুলনা আঞ্চলিক সমন্বয়কারী গোলাম রাব্বানী বলেন, দুবার দরপত্র আহ্বান করে মাত্র একটি মিল ইজারা দেওয়া সম্ভব হয়েছে। অন্য সাতটি (আলীম বাদে) আবার ইজারা দেওয়ার জন্য প্রক্রিয়া চলছে। মিলের স্থাপনার অংশটুকুই শুধু ইজারা দেওয়া হবে বলে জানান তিনি।