পাটকল বেসরকারি করার সিদ্ধান্ত বাতিলের দাবি

পাটকল বেসরকারি করার সিদ্ধান্ত বাতিলসহ সাত দফা দাবিতে সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির যশোর জেলা শাখা। যশোর প্রেসক্লাবের সামনে, যশোর। ১৯ আগস্ট।ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাটের মণপ্রতি মূল্য ন্যূনতম তিন হাজার টাকা নির্ধারণ, রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো বেসরকারি করার সিদ্ধান্ত বাতিল, কৃষিভিত্তিক শিল্প আধুনিকায়ন, জাতীয়করণসহ সাত দফা দাবিতে যশোরে অবস্থান কর্মসূচি ও সমাবেশ করা হয়েছে।

বুধবার দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত যশোর প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি যশোর জেলা শাখা। সংগঠনটির জেলা সহসভাপতি সোহরাব উদ্দিনের সভাপতিত্বে সেখানে বক্তৃতা করেন সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক কামরুল হক লিকু, সাংগঠনিক সম্পাদক সমীরণ বিশ্বাস, ছাত্রনেতা মধুমঙ্গল বিশ্বাস প্রমুখ।

বক্তারা বলেন, দেশে পাটচাষির সংখ্যা প্রায় ৩৫ লাখ। মোট রপ্তানি আয়ের প্রায় তিন শতাংশ উপার্জিত হয় পাট ও পাটপণ্য থেকে। তৈরি পোশাক শিল্পের পর এটি এখন দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত। বর্তমানে পাটের বাজার সম্প্রসারিত হচ্ছে পৃথিবীর আরও অনেক দেশে। আন্তর্জাতিক বাজারে পাটের চাহিদা ও মূল্য বৃদ্ধির উজ্জ্বল সম্ভাবনা সৃষ্টি হয়েছে। তা ছাড়া অভ্যন্তরীণ বাজারেও পাটের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। এ জন্য পাটকলগুলোর আধুনিকায়ন দরকার। শ্রমিকদেরও দক্ষতা বাড়ানো দরকার। সরকারি পাটকলগুলো বন্ধের প্রক্রিয়া চলাকালে কাঁচা পাট উঠতে শুরু করেছে বাজারে। এখন পাট কাটা, জাগ দেওয়া, আঁশ ছাড়ানো, শুকানো এবং পাট বিপণনের সময়। শুরুতে বাজারে মণপ্রতি পাটের দর ছিল ১ হাজার ৮০০ থেকে ২ হাজার ১০০ টাকা। এখন তা নেমে এসেছে ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৮০০ টাকায়। অথচ এবার পাটের উৎপাদন খরচ অঞ্চলভেদে মণপ্রতি ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা হয়ে থাকে। বিজেএমসি বাজারে না এলে এবং একচেটিয়াভাবে ব্যক্তি খাতের মিলগুলো পাট কিনলে কৃষক ন্যায্যমূল্য না–ও পেতে পারেন।

বক্তারা আরও বলেন, করোনা মহামারি পরিস্থিতি মোকাবিলায় সরকার ‘নো টেস্ট, নো পজিটিভ’ কৌশল নিয়েছে বলে ব্যাপকভাবে সমালোচনা হচ্ছে। বিপর্যস্ত অর্থনৈতিক পরিস্থিতির সঙ্গে করোনা পরিস্থিতিতে সরকারের স্বাস্থ্য খাতসহ অন্যান্য খাতে দুর্নীতি, অনিয়ম, অব্যবস্থাপনা, সমন্বয়হীনতায় জনস্বার্থ মারাত্মক হুমকির মুখে পড়ছে। সম্প্রতি কক্সবাজারে সাবেক এক সেনা কর্মকর্তা পুলিশ চেকপোস্টে বিচারবহির্ভূত হত্যার শিকারে দেশে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে দূরত্ব ও নানা তথ্য প্রচারিত হচ্ছে, যা উদ্বেগজনক।

মহামারি, দুর্নীতি, ক্ষুধা, দুর্ভিক্ষ ও বিচারবহির্ভূত হত্যা মোকাবিলায় সর্বস্তরের জনগণকে সোচ্চার এবং খাদ্য, চিকিৎসা ও পূর্ণাঙ্গ রেশনিংয়ের দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন সংগঠনটি নেতা-কর্মীরা।