পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
লালমনিরহাটের পাটগ্রামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া রাবার বুলেটের আঘাতে শাহ আলম (৩২) নামের এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। উপজেলার জগতবেড় ইউনিয়নের শমসেরনগর সীমান্তে গতকাল শনিবার রাতে এ ঘটনা ঘটে।
শাহ আলমের বাড়ি পাটগ্রাম পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত ১১টার দিকে শাহ আলমসহ বাংলাদেশি একদল গরু পারাপারকারী ভারতের কোচবিহারের চেনাকাটা গ্রামের গরু ব্যবসায়ীদের কাছে থেকে গরু আনতে যান। ফেরার সময় ভারতীয় বিএসএফের ১৬৯ রানীনগর ব্যাটালিয়নের চেনাকাটা ক্যাম্পের টহল দলের সদস্যদের মুখোমুখি হন। পরে বিএসএফ সদস্যরা তাঁদের লক্ষ্য করে কয়েকটি রাবার বুলেট ছোড়ে।
এতে গরু পারাপারকারী অন্য সদস্যরা পালিয়ে এলেও শাহ আলম বিএসএফ সদস্যদের ছোড়া গুলিতে আহত হন। তাঁর ডান চোখের নিচে বুলেটের আঘাত লাগে। এ সময় তাঁর সঙ্গীরা প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান। পরে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক শাহ আলমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এ বিষয়ে ৬১ বিজিবি ব্যাটালিয়নের শমসেরনগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার খাইরুল আলম জানান, এ ধরনের একটি খবর তিনি শুনেছেন। তা সঠিক কি না জানেন না। বিএসএফও কিছু জানায়নি।