পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএসএফ
ফাইল ছবি

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। আজ রোববার ভোরে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের সীমান্তবর্তী বুড়িরবাড়ি গ্রামের ওপারে ভারতের চ্যাংড়াবান্ধার শ্মশানঘাট গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের ইউনুস আলী (২৬) ও নীলফামারীর ডিমলা উপজেলার সাগর চন্দ্র (৪০)। বিএসএফের গুলিতে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক।

বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, সীমান্তঘেঁষা গ্রাম বুড়িরবাড়ির ৮৪২ নম্বর মেইন পিলার–লাগোয়া ধরলা নদী পার হয়ে গরু ব্যবসায়ী ইউনুস আলী, সাগর চন্দ্রসহ বেশ কয়েকজন ভারতের কোচবিহারের মেকলিগঞ্জ মহকুমার চ্যাংড়াবান্ধার শ্মশানঘাট গ্রামে গরু আনতে যান। ভারত থেকে গরু নিয়ে ফেরার পথে শ্মশানঘাট গ্রামে কোচবিহার ১৪৫ বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা তাঁদের ধাওয়া দিয়ে গুলি ছোড়েন। এতে ইউনুস ও সাগর গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান। আজ দুপুর ১২টা পর্যন্ত ঘটনাস্থল শ্মশানঘাট গ্রামে লাশ দুটি পড়ে ছিল। পরে বিএসএফের মাধ্যমে খবর পেয়ে ভারতের মেখলিগঞ্জ সদর থানা-পুলিশ লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

রংপুর ৬১ বিজিবি ব্যাটালিয়নের বুড়িমারী স্থলবন্দর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার বেলাল হোসেন বলেন, বিএসএফ পতাকা বৈঠকের কথা জানিয়ে আজ দুপুরে একটি চিঠি দিয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত নিহত দুজনের পরিবারের কেউ তাঁদের কাছে অভিযোগ করেননি।