পাটগ্রাম সীমান্তে ভারতীয় গ্রামবাসীর হাতে আটক বাংলাদেশি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সীমান্ত
প্রতীকী ছবি

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তের ওপারে ভারতীয় গ্রামবাসীর হাতে আটক এক বাংলাদেশি যুবক নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। তবে ওই যুবক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত হয়েছেন নাকি ভারতীয় গ্রামবাসীর গণপিটুনিতে নিহত হয়েছেন, তা নিশ্চিত হতে পারেনি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গতকাল বুধবার রাতে উপজেলার জগতবেড় ইউনিয়নের ভেরভেরিরহাট সীমান্তের ওপারে ভারতের কোচবিহারের মাথাভাঙ্গা থানার তেতলিরছড়া (ভগরামপুর) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাংলাদেশি যুবকের নাম মো. রেজাউল ইসলাম (৪৩)। তিনি জগতবেড় ইউনিয়নের ভূমিহীনটারী (মহুরী) গ্রামের বাসিন্দা। এ ঘটনায় জুম্মান বাবু (২৮) নামের আরেক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। তিনি পাটগ্রাম পৌরসভার দহগ্রাম রেলগেট এলাকার বাসিন্দা।

নিহত ও আহত দুজনের পরিবার ও সীমান্তের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল দিবাগত রাতের কোনো এক সময় দহগ্রাম ইউনিয়নের সীমান্ত দিয়ে ভারতের ওপারের মেখলিগঞ্জে প্রবেশ করে বাংলাদেশি গরু পারাপারকারী (রাখাল) ৯-১০ সদস্যের একটি দল। রাত ৯টার দিকে তারা গরু নিয়ে এপারের জগতবেড় সীমান্তের ৮৬১ নম্বর মেইন পিলারের ১ নম্বর সাব পিলারের কাছ দিয়ে ফেরত আসার চেষ্টা করে। এ সময় ভারতের কোচবিহারের মাথাভাঙ্গা থানার তেতলিরছড়া (ভগরামপুর) গ্রামের স্থানীয় বাসিন্দারা তাদের ধাওয়া করে। বাকিরা পালিয়ে এলেও দুজনকে ধরে বেধড়ক পিঠিয়ে আহত করেন ভারতীয় গ্রামবাসী। পিটুনিতে রেজাউল ইসলাম ও জুম্মান বাবু গুরুত্বর আহত হন। পরে তাঁদের ১৬৯ বিএসএফ ব্যাটালিয়নের পারসা ক্যাম্পের টহল দলের কাছে হস্তান্তর করা হয়।

সীমান্তের বাসিন্দারা বলছেন, বিএসএফের চোখ ফাঁকি দিয়ে ওই দুজন পালিয়ে আসার চেষ্টা করলে বিএসএফের টহল দলের সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে রেজাউল ঘটনাস্থলেই নিহত ও জুম্মান বাবু আহত হন। পরে রেজাউলের লাশ ও আহত জুম্মানকে ভারতের মাথাভাঙ্গা থানা–পুলিশের কাছে হস্তান্তর করে বিএসএফ। মাথাভাঙ্গা থানা–পুলিশ রেজাউলের লাশ ময়নাতদন্তের জন্য মাথাভাঙ্গা হাসপাতালে পাঠান। আহত জুম্মান মাথাভাঙ্গা হাসপাতালে পুলিশি হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক প্রথম আলোকে বলেন, ওই সীমান্তের বিজিবি সদস্যদের মারফত জেনেছেন, ভারতের ওপারে প্রায় আধা-এক কিলোমিটার ভেতরে ভারতীয় গ্রামের বাসিন্দাদের হাতে দুই বাংলাদেশি নাগরিক আটক হন। এ সময় তাঁদের বেধড়ক মারধরে এক বাংলাদেশি নিহত ও একজন আহত হন।

বিজিবি তিস্তা-২ রংপুর ৬১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর হাসান শাহরিয়ার মাহমুদ সাংবাদিকদের বলেন, বিএসএফের সঙ্গে যোগাযোগ করে বিস্তারিত জানাতে বলা হয়েছে। খোঁজ নিয়ে দুই ধরনের তথ্য পেয়েছেন—ভারতীয় গ্রামের আলুচাষিদের আলু চুরি করতে গেলে চাষিরা রেজাউলকে পিটিয়ে মেরে ফেলেছেন; বিএসএফের গুলিতে নাকি মারা গেছেন রেজাউল। নিশ্চিত হতে বিএসএফের সঙ্গে যোগাযোগ চলছে। তারা জানালে বিস্তারিত বলতে পারবেন।