পাটগ্রামে চোরাচালানবিরোধী অভিযানে ২৪টি ভারতীয় গরু জব্দ
লালমনিরহাটের পাটগ্রামে চোরাচালানবিরোধী উপজেলা টাস্কফোর্স অভিযানে সীমান্ত দিয়ে অবৈধ পথে নিয়ে আসা ২৪টি ভারতীয় গরু জব্দ করা হয়েছে। আজ শনিবার উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের খেংটি গ্রামের সীমান্তে এ অভিযান চালানো হয়। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), থানা-পুলিশ ও আনসার সদস্যরা ছিলেন।
পাটগ্রাম উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরের দিকে পাটগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইমরান, পাটগ্রাম থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) মিজান এবং রংপুর ৬১ বিজিবি ব্যাটালিয়নের ঝালঙ্গি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার বেলাল হোসেনের নেতৃত্বে পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা খেংটি গ্রামের বিভিন্ন সীমান্তে অভিযান চালান।
জব্দ করা ২৪ গরু স্থানীয় উপজেলা শুল্ক কাস্টমস গুদাম কর্মকর্তার কাছে দেওয়া হয়েছে।
এ সময় ওই গ্রামের বিভিন্ন বাড়ি তল্লাশি করে অবৈধ পথে আনা ভারতীয় বড় ছয়টি হরিয়ানা গরু জব্দ করা হয়। এর আগে গতকাল শুক্রবার একই গ্রাম থেকে আরও ১৮টি গরু জব্দ করে টাস্কফোর্স। পরে জব্দ করা ২৪ গরু স্থানীয় উপজেলা শুল্ক কাস্টমস গুদাম কর্মকর্তার কাছে দেওয়া হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) আল ইমরান বলেন, চোরাচালান প্রতিরোধে টাস্কফোর্সের অভিযান অব্যাহত রয়েছে। আটক করা গরুগুলো নিলামে দেওয়ার জন্য উপজেলা শুল্ক কাস্টমস গুদাম কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।