পাটুরিয়ায় ঈদে ঘরমুখী মানুষের চাপ বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ বুধবার মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে
ছবি: প্রথম আলো

পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে যাত্রী ও যানবাহনের সংখ্যা কমেছে। তবে আজ বুধবার সকাল থেকে এখানে ঈদে ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ বাড়ছে।

আজ বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেখা গেছে, বিভিন্ন পরিবহনের বাসে করে ঘাট এলাকায় আসছেন ঈদে ঘরমুখো যাত্রীরা। এ ছাড়া বিভিন্ন ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের করেও যাত্রীরা ঘাটে আসছেন। তবে এসব যানবাহনের সংখ্যা গত ঈদের তুলনায় একেবারেই সীমিত। বেলা ১১টার দিকে ঘাট এলাকায় শতাধিক যাত্রীবাহী বাস সারিবদ্ধভাবে থাকতে দেখা যায়। এসব যানবাহন এক ঘণ্টার মধ্যে ফেরিতে উঠে যাচ্ছে। এতে বিগত ঈদগুলোতে যাত্রীদের যে ভোগান্তি ছিল, এবার ঈদে এই ঘাটে যাত্রীদের সেই দুর্ভোগ নেই বললেই চলে।

বেলা ১১টার দিকে পাটুরিয়ার তিন নম্বর ঘাট এলাকায় কথা হয়, সাতক্ষীরা এক্সপ্রেস পরিবহন বাসের যাত্রী সোলায়মান হোসেনের সঙ্গে। তিনি বলেন, এই ঘাট দিয়ে প্রতি ঈদে সাতক্ষীরা সদরে গ্রামের বাড়িতে যান তিনি। সাত থেকে আট ঘণ্টা করে পাটুরিয়ায় ফেরি জন্য অপেক্ষা করতে হয়েছে। অসহনীয় ভোগান্তিতে পড়তে হয়েছে। তবে এবারের চিত্র অনেকটাই ভিন্ন।

এবার পাটুরিয়া ঘাটে এসে নতুন অভিজ্ঞতার কথা জানালেন ফরিদপুরগামী গোল্ডেন লাইন পরিবহনের যাত্রী ইউসুফ আলী। তিনি বলেন, 'ঈদ করতে গ্রামের বাড়ি যাচ্ছি। ঘাটে আসার কিছুক্ষণের মধ্যেই আমাদের বাস ফেরিতে উঠেছে। কিন্তু ভাবিনি এতো দ্রুত ফেরিতে ওঠার সুযোগ পাব।’

এদিকে লঞ্চের যাত্রীও তুলনামূলক কম ছিল। তবে আগামীকাল বৃহস্পতিবার থেকে লঞ্চের যাত্রী বাড়বে বলে লঞ্চ পরিচালনা কমিটির সদস্যরা জানিয়েছেন।

পণ্যবাহী গাড়ির চাপও ঘাট এলাকায় দেখা যায়নি। পাটুরিয়ায় দুটি ট্রাক টার্মিনালে অর্ধশত পণ্যবাহী গাড়ি রয়েছে। যাত্রীবাহী বাসের পাশাপাশি এসব পণ্যবাহী গাড়িগুলোকে পারাপার করা হচ্ছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (বাণিজ্য) শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, পদ্মা সেতু দেশের জন্য আশীর্বাদস্বরূপ। এই সেতু চালু হওয়ার পর থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে যাত্রী ও যানবাহনের চাপ কমেছে। বর্তমানে এই নৌরুটে ২১টি ফেরি মধ্যে ১৮টি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। বাকি তিনটি ফেরি স্থানীয় ভাসমান কারখানায় মেরামতে রয়েছে। ভোগান্তি ছাড়াই দ্রুত সময়ের মধ্যে এবার ঈদে ঘরমুখো যাত্রী ও যানবাহন নৌপথ পারাপার হচ্ছে।