পাটুরিয়া-দৌলতদিয়ায় নিষেধাজ্ঞা অমান্য করে লঞ্চ চলাচল, পরে বন্ধ
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথে আজ বুধবার বেলা একটা থেকে লঞ্চ চলাচল শুরু হয়। তবে প্রায় এক ঘণ্টা পর আবার তা বন্ধ করে দেওয়া হয়েছে।
মানিকগঞ্জ লঞ্চ মালিক সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি আবদুর রহিম খান আজ বেলা দুইটার দিকে প্রথম আলোর কাছে দাবি করেন, যাত্রীদের ভোগান্তি বিবেচনা করে শিবালয় ও দৌলতদিয়া উপজেলা প্রশাসন এবং বিআইডব্লিউটিএর আরিচা কার্যালয়ের মৌখিক অনুমতি সাপেক্ষে লঞ্চ চলাচল চালু করা হয়। পরে প্রশাসনের নির্দেশে বেলা দুইটার আগেই লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়।
ঘাট–সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের সংক্রমণ রোধে ৫ এপ্রিল থেকে সারা দেশের মতো এই নৌপথে লঞ্চ চলাচল বন্ধ রাখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শুক্রবার থেকে আজ বুধবার পর্যন্ত ঈদে ঘরমুখী যাত্রীদের উপচে পড়া ভিড়। এই সুযোগে সরকারি নির্দেশনা অমান্য করে আজ দুপুরে একশ্রেণির মালিক ও শ্রমিকেরা লঞ্চ চলাচল শুরু করেন। বেলা একটার পর থেকে এমভি আরিচা নামের লঞ্চসহ চার-পাঁচটি লঞ্চ পাটুরিয়া থেকে যাত্রী নিয়ে দৌলতদিয়ার উদ্দেশে ছেড়ে যায়। পরে প্রশাসনের নির্দেশে বেলা দুইটার আগে আবার লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়।
বিআইডব্লিউটিএর আরিচা কার্যালয়ের সহকারী পরিচালক (ট্রাফিক ও নৌযান) মাসুদ রানা বলেন, লঞ্চ চলাচল করার কোনো অনুমতি দেওয়া হয়নি। খবর পেয়ে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বি এম রুহুল আমিন বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এই নৌপথে লঞ্চ চলাচলের নির্দশনা দেওয়া হয়েছিল। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই আবার লঞ্চ চলাচল বন্ধ করা হয়।