পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরিস্বল্পতা, নদী পারাপারের অপেক্ষায় শতাধিক বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘাট এলাকায় যাত্রীবাহী শতাধিক বাস নদী পারের অপেক্ষায় রয়েছে। আজ শনিবার বেলা ১১টার দিকে পাটুরিয়া জিরো পয়েন্ট এলাকায়
ছবি: প্রথম আলো

মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথের তিনটি ফেরি বিকল হয়ে পড়েছে। এ ছাড়া নদীতে স্রোতের কারণে যানবাহন পারাপারে ধীরগতি সৃষ্টি হয়েছে। সব মিলিয়ে পাটুরিয়ায় যাত্রীবাহী শতাধিক বাস আটকা পড়েছে। এতে ফেরির নাগাল পেতে যাত্রীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।

আজ শনিবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত সরেজমিন দেখা গেছে, ঘাট এলাকায় যাত্রীবাহী শতাধিক বাস নদী পারের অপেক্ষায় রয়েছে। এসব বাস পাটুরিয়ার তিন নম্বর ঘাট থেকে পাটুরিয়া-উথলী সংযোগ সড়কের আরসিএল মোড় পর্যন্ত এক কিলোমিটার এলাকায় সারিবদ্ধভাবে রাখা হয়েছে। এ ছাড়া পাটুরিয়া ট্রাকটার্মিনালে পণ্যবাহী শতাধিক গাড়ি নদী পারাপারের জন্য অপেক্ষায় করছে।

পাটুরিয়া ঘাট এলাকায় দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক পুলিশের পরিদর্শক আবদুল্লাহ আল জোবায়ের বলেন, নদীতে পানি বাড়ায় স্রোতের সৃষ্টি হয়েছে। এতে ফেরিগুলো ধীরগতিতে চলাচল করছে। ফেরির ট্রিপসংখ্যা কমে গেছে। এ ছাড়া যান্ত্রিক ত্রুটির কারণে রো রো ফেরি শাহ পরান এবং কে-টাইপ ফেরি চন্দ্রমল্লিকা ও মাধবীলতা পাটুরিয়ায় ভাসমান কারখানায় মেরামত করা হচ্ছে। ফলে ঘাট এলাকায় যাত্রী ও যানবাহনের জটলা তৈরি হয়েছে। তবে ফেরিতে সুশৃঙ্খলভাবে যানবাহন ওঠানামা নিশ্চিত করতে ট্রাফিক পুলিশের সদস্যরা কাজ করে যাচ্ছেন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় সূত্রে জানা গেছে, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ২৯টি ফেরির মধ্যে বর্তমানে ১৭টি ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে। যান্ত্রিক ত্রুটির কারণে তিনটি ফেরি পাটুরিয়ায় ভাসমান কারখানায় মেরামত করা হচ্ছে। পাটুরিয়ায় পাঁচটি ফেরিঘাটের মধ্যে চারটি ঘাটে যানবাহন ওঠানামা করানো হচ্ছে। নদীতে পানি বাড়ায় প্রতিটি ঘাটের পন্টুন মধ্যম স্তরে ওঠানো হয়েছে।

যান্ত্রিক ত্রুটির কারণে তিনটি ফেরি পাটুরিয়ায় ভাসমান কারখানায় মেরামত করা হচ্ছে
ছবি: প্রথম আলো

বেলা ১১টার দিকে পাটুরিয়ার তিন নম্বর ঘাট এলাকায় গোল্ডেন লাইন পরিবহনের বাসের যাত্রী আবদুর রশিদ বলেন, পারিবারিক একটি অনুষ্ঠানে তিনি ফরিদপুর সদরে গ্রামের বাড়ি যাচ্ছেন। দেড় ঘণ্টা আগে ঘাটের আরসিএল মোড় এলাকায় আসেন। অনেকক্ষণ অপেক্ষার পর ফেরি ঘাটের কাছে এলেও তখনো তিনি ফেরিতে উঠতে পারেননি। গরমে বাসের ভেতর বসে থাকতে অস্বস্তি লাগছে বরে জানান তিনি।

ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী রয়েল এক্সপ্রেস পরিবহন বাসের চালক আসগর আলী বলেন, ‘দুই ঘণ্টায় ৬৫ কিলোমিটার পথ এলাম। আর এখন তিন কিলোমিটারের নৌপথ পাড়ি দিতে দুই ঘণ্টা ধরে আটকে আছি।’

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল বলেন, মেরামত শেষে আজ বিকেলের মধ্যে ওই তিনটি ফেরি যানবাহন পারাপারে যুক্ত হওয়ার কথা আছে। যাত্রীদের ভোগান্তি কমাতে যাত্রীবাহী বাসগুলো আগে পারাপার করা হচ্ছে।