পাটুরিয়া ফেরিঘাটে যানবাহনের চাপ বাড়লেও পারাপারে স্বস্তি
পদ্মা সেতু চালু হওয়ার পর মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ী দৌলতদিয়া নৌপথে যানবাহন পারাপারের সংখ্যা অনেকটা কমে এসেছে। ফলে পবিত্র ঈদুল আজহার দুই দিন আগে যাত্রী ও যানবাহনের সংখ্যা বাড়লেও এই নৌপথে এবার স্বস্তিতে পারাপার হচ্ছেন যাত্রীরা।
আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত পাটুরিয়া ঘাট এলাকায় এই চিত্র দেখা গেছে। ঘাট এলাকায় আসার পর এক ঘণ্টার মধ্যে ফেরিতে উঠে যাচ্ছে যাত্রীবাহী বাস।
গত ঈদযাত্রাগুলোতে দেশের অন্যতম এই নৌপথে যাত্রী ও যানবাহনের প্রচণ্ড চাপ পড়ে। দীর্ঘ সময় ঘাট এলাকায় আটকে থেকে চরম ভোগান্তির শিকার হন যাত্রী ও যানবাহনের শ্রমিকেরা।
সরেজমিন দেখা গেছে, গত কয়েক দিনের তুলনায় আজ সকালে যাত্রী ও যানবাহনের সংখ্যা বেড়ে যায়। ঘাট এলাকায় আসার পর কাউন্টার থেকে টিকিট নিয়ে ফেরিঘাটের দিকে এগোচ্ছে যানবাহনগুলো। দুপুর ১২টার দিকে ঘাট এলাকায় ৬০-৭০টি যাত্রীবাহী বাস সারিতে ছিল। ঘণ্টাখানেকের মধ্যে এসব যাত্রীবাহী বাস ফেরিতে উঠে যায়। এর পরপরই ঘাটে আসা বাকি যাত্রীবাহী যানগুলো সেই স্থানে এসে জড়ো হয়।
গোল্ডেন লাইন পরিবহনের বাসের যাত্রী সোবহান মিয়া বলেন, 'পরিবার নিয়ে ঈদ করতে প্রতিবছর এ নৌ রুট দিয়ে বাড়িতে যাই। গত বছরগুলোতে এ নৌ রুটে তিক্ত অভিজ্ঞতা হয়েছে। এবার প্রথমবারের মতো স্বস্তিতে নৌ রুট পার হতে পারছি।'
গত কয়েক দিন থেকে লঞ্চের যাত্রীর সংখ্যাও কিছুটা বেড়েছে। তবে পর্যাপ্তসংখ্যক লঞ্চ থাকায় যাত্রীরা নির্বিঘ্নে নদী পারাপার হচ্ছেন। পাটুরিয়া লঞ্চঘাটের সুপারভাইজার নন্দ লাল সাহা বলেন, পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে পাটুরিয়ায় লঞ্চের যাত্রীও কমেছে। তবে ঈদ উপলক্ষে যাত্রীর সংখ্যা কিছুটা বেড়েছে। ২২টি লঞ্চ দিয়ে নির্ধারিত ধারণক্ষমতার মধ্যেই যাত্রীদের লঞ্চে পারাপার করা হচ্ছে।
এ দিকে মোটরসাইকেল পারাপারে নিষেধাজ্ঞা থাকলেও আজ সকালে বিভিন্ন গ্রামীণ সড়ক দিয়ে বেশ কিছু মোটরসাইকেলের আরোহী পাটুরিয়া ঘাটে আসেন। পরে সেগুলো পার করা হয়। তবে দুপুরে মোটরসাইকেল নিয়ে ঘাটে আসা মোটরসাইকেল আরোহীদের দেখা যায়নি।
আজ বেলা ১১টার দিকে ঘাট এলাকা পরিদর্শনে আসেন মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ঘাট এলাকায় পকেটমার, মলম পার্টি থেকে নিরাপদে যাত্রী পারাপারে এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্য কাজ করছেন। মহাসড়কে মোটরসাইকেলে যাত্রী বহন রোধেও ঢাকা-আরিচা মহাসড়কে পুলিশ কাজ করছে।
পাটুরিয়া ঘাট এলাকায় ব্যক্তিগত ছোট গাড়ির সংখ্যাও অনেক কমে এসেছে। ঘাটে আসার পরপরই গাড়ি ফেরিতে উঠে যাচ্ছে। অথচ গত ঈদুল ফিতরেও পাটুরিয়া ঘাট এলাকায় ব্যক্তিগত গাড়িগুলোকে দীর্ঘ সারিতে আটকে থাকতে হতো।
স্ত্রী ও দুই শিশুসন্তানকে নিয়ে প্রাইভেট কারে করে কুষ্টিয়ায় গ্রামের বাড়িতে যাচ্ছিলেন আশরাফুল আলম। বেলা ১১টার দিকে পাটুরিয়ার ৫ নম্বর ঘাট এলাকায় তিনি বলেন, 'গত ঈদের দুই দিন আগে বাড়ি যেতে ঘাটে এসে সাত ঘণ্টা আটকে ছিলাম। এবার ঘাটে চাপ কম থাকার খবর পেয়ে এখান দিয়ে বাড়ি যাচ্ছি। ঘাটে আসার পরপরই ফেরির টিকিট পেলাম।'
পণ্যবাহী গাড়িও কমে এসেছে। ঘাটে দুটি ট্রাক টার্মিনালে সাধারণ পণ্যবাহী ট্রাক থাকলেও তেমন অপেক্ষা করতে হচ্ছে না। যাত্রীবাহী বাসের পাশাপাশি পণ্যবাহী গাড়িও পারাপারের সুযোগ পাচ্ছে। যশোরগামী ট্রাকচালক হাসান আলী বলেন, ‘ঈদের আগে সাধারণত সাধারণ পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ থাকে। তবে ঘাট এলাকায় তেমন যানবাহন না থাকায় আমরা এবার সহজে পার হতে পারছি।’
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (বাণিজ্য) শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ২১টি ফেরির মধ্যে ১৯টি ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে। ঘাট এলাকায় কোনো ভোগান্তি ছাড়াই যাত্রী ও যানবাহন পারাপার হচ্ছে।