পাটুরিয়ায় ছোট গাড়ির চাপ বেশি
ঈদের আর মাত্র দুই দিন বাকি থাকলেও মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে আজ রোববার দূরপাল্লার বাসের চাপ নেই। তবে ব্যক্তিগত ও পণ্যবাহী গাড়ি এবং যাত্রীর কিছুটা চাপ রয়েছে। ফেরিতে এসব যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে। এদিকে লঞ্চঘাটেও যাত্রীর তেমন একটা ভিড় দেখা যায়নি। যাত্রীরা আসার পরপরই লঞ্চে উঠে পড়ছেন।
ঘাটসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ। ঈদকে সামনে রেখে পাটুরিয়া ঘাটে ছোট গাড়ি ও ঘরমুখী মানুষের চাপ কিছুটা থাকলেও দূরপাল্লার বাসের চাপ নেই। করোনা সংক্রমণের ঝুঁকির কারণে অনেকে এবার গ্রামে যাবেন না। এ কারণে দূরপাল্লার বাসের সংখ্যা কম। তবে এই পরিস্থিতি পরিবর্তিত হতে পারে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে ১০টা পর্যন্ত পাটুরিয়া ঘাট এলাকায় ৩০ থেকে ৩৫টি দূরপাল্লার বাস এবং শতাধিক পণ্যবাহী ট্রাক নদী পারের অপেক্ষায় রয়েছে। তবে ব্যক্তিগত ছোট গাড়ির কিছুটা চাপ আছে। পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ১৬টি ফেরি দিয়ে এসব যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে।
সকাল ১০টা পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জে যানবাহনের চাপ থাকলেও কোথাও যানজট দেখা যায়নি। সরেজমিনে আজ সকালে দেখা গেছে, পাটুরিয়া ঘাট এলাকায় দুটি ট্রাক টার্মিনালে শতাধিক পণ্যবাহী বিভিন্ন গাড়ি নদী পারের অপেক্ষায় রয়েছে।
পাটুরিয়ার ৫ নম্বর ঘাট এলাকায় শতাধিক ব্যক্তিগত গাড়ি নদী পারের অপেক্ষায় রয়েছে। এই ঘাট দিয়ে এসব ব্যক্তিগত গাড়ি পারাপার করা হচ্ছে।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (বাণিজ্য) মো. জিল্লুর রহমান বলেন, সকাল থেকে ১৬টি ফেরি দিয়ে ৩, ৪ ও ৫ নম্বর ঘাট দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে। সকালে পারাপারের অপেক্ষায় দূরপাল্লার বাসের চাপ নেই।