পাটুরিয়ায় ফেরি উদ্ধারে ডুবুরি দলের প্রাথমিক অনুসন্ধান শুরু
মানিকগঞ্জের পাটুরিয়ায় ডুবে যাওয়া ফেরি উদ্ধারে বেসরকারি প্রতিষ্ঠান জেনুইন এন্টারপ্রাইজ লিমিটেডের ডুবুরি দল প্রাথমিক অনুসন্ধানকাজ শুরু করেছে। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে অনুসন্ধানকাজ শুরু হয়। সহজে ও অক্ষত অবস্থায় কীভাবে ফেরিটি উদ্ধার করা যায়, ডুবুরি দলের সদস্যরা সেটিই অনুসন্ধান করবেন বলে জানা গেছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) যুগ্ম পরিচালক (উদ্ধার) মো. ফজলুল রহমান বলেন, ফেরি ডুবে যাওয়ার পরপরই ফেরিটি উদ্ধারে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’–এর পাটুরিয়ায় আসার কথা ছিল। তবে ওই জাহাজের ফেরিটি উদ্ধারের সক্ষমতা নেই। পরে গতকাল রোববার দুপুরে নৌপরিহন মন্ত্রণালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী, জেনুইন এন্টারপ্রাইজ লিমিটেডের সঙ্গে বিআইডব্লিউটিএর প্রাথমিক চুক্তি সম্পন্ন হয়। এর পরিপ্রেক্ষিতে আজ দুপুর থেকে ফেরি আমানত শাহ উদ্ধার অভিযানের প্রাথমিক ধাপের কাজ শুরু হয়েছে।
জেনুইন এন্টারপ্রাইজ লিমিটেড সূত্রে জানা গেছে, আজ সকালে চট্টগ্রাম থেকে প্রতিষ্ঠানটির ৫০ সদস্যের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। এ ছাড়া নদীপথে প্রতিষ্ঠানটির নিজস্ব ছয়টি উইন্স বার্জে (উদ্ধারকারী বিশেষ জাহাজ) ৬টি পন্টুনসহ পাটুরিয়ায় আসছে। প্রতিটি পন্টুন দিয়ে ৪০০ টন ওজন ক্ষমতাসম্পন্ন বস্তু তোলা যায়।
প্রতিষ্ঠানটির ডুবুরি দলের প্রধান আবদুর রহমান বলেন, উদ্ধারকারী সরঞ্জামাদি নিয়ে তাঁদের উদ্ধারকারী দলের আরও কয়েক সদস্য পাটুরিয়ায় আসছেন। নদীর তলদেশ থেকে অক্ষত অবস্থায় ফেরিটি তুলতে তিন থেকে চার দিন সময় লাগতে পারে বলে জানান তিনি।
জেনুইন এন্টারপ্রাইজ লিমিটেডের ব্যবস্থাপক অজয় দেবনাথ প্রথম আলোকে বলেন, ‘সরকারি সিদ্ধান্তে আমরা ফেরি উত্তোলনে দ্রুত কাজ করব। উদ্ধারকাজে খরচের বিষয়ে প্রাথমিকভাবে দুই কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে পরবর্তী সময়ে উদ্ধারমূল্য পরিবর্তন হতে পারে।’
ঘাটসংশ্লিষ্ট সূত্র জানায়, গত বুধবার সকালে পাটুরিয়ার ৫ নম্বর ঘাটের পন্টুনে ভেরামাত্র যানবাহন নিয়ে ফেরি আমানত শাহ পদ্মা নদীতে ডুবে যায়। ডুবে যাওয়া যানবাহন উদ্ধারে কাজ শুরু করে ‘হামজা’। এতে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা অংশ নেন। ঘটনার চতুর্থ দিনে শনিবার সকাল থেকে রুস্তম নামের বিআইডব্লিউটিএর উদ্ধারকারী আরেকটি জাহাজ উদ্ধার অভিযানে অংশ নেয়।