পাটুরিয়ায় ফেরিডুবি: উদ্ধার অভিযানে যোগ দিয়েছে রুস্তম

মানিকগঞ্জের পাটুরিয়ায় ফেরিডুবির ঘটনায় আজ শনিবার সকালে উদ্ধারকাজে অংশ নিয়েছে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ রুস্তমছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের পাটুরিয়ায় ফেরিডুবির ঘটনায় আজ শনিবার সকালে চতুর্থ দিনের মতো উদ্ধার কাজ শুরু হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্ধারকারী অপর জাহাজ রুস্তম আজ সকালে পাটুরিয়ায় পৌঁছেছে। উদ্ধারকাজও শুরু করেছে এটি।

বিআইডব্লিউটিএ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আজ সকাল আটটা থেকে ডুবে যাওয়ায় পণ্যবাহী যানবাহন উদ্ধারে অংশ নেয় বিআইডব্লিউটিএ, ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্ট গার্ডের উদ্ধারকারী দল। বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ হামজা দিয়ে ডুবে যাওয়া যানবাহন উদ্ধার অভিযান চালাচ্ছে।

এদিকে আজ সকাল সাড়ে নয়টার দিকে বিআইডব্লিউটিএর অপর উদ্ধারকারী জাহাজ রুস্তম পাটুরিয়ায় দুর্ঘটনাস্থলে আসে। বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ রুস্তম উদ্ধার কাজ শুরু করেছে।

দুর্ঘটনার পর গত তিন দিনে ১২টি পণ্যবাহী যানবাহন ও একটি মোটরসাইকেল উদ্ধার করে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ হামজা। উদ্ধার অভিযানে অংশ নেয় বিআইডব্লিউটিএ, ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্ট গার্ডের উদ্ধারকারী দল।

উদ্ধারকাজের সমন্বয়ক বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক ফজলুর রহমান বলেন, উদ্ধারকারী জাহাজ হামজা দিয়ে ডুবে যাওয়া চারটি যানবাহন নদীর তীরে রাখা হয়। যানবাহনগুলোকে নদী থেকে দূরে সরানোর মতো রেকার হামজার নেই। এ কারণে রুস্তম দিয়ে নদীর কূলে রাখা যানবাহনগুলো পাড়ে তোলার কাজ শুরু হয়েছে।

২৭ অক্টোবর সকাল ৯টার দিকে দৌলতদিয়ার ৫ নম্বর ঘাট থেকে ১৭টি পণ্যবাহী যানবাহনবোঝাই ফেরি আমানত শাহ ছেড়ে আসে। মাঝপথে আসার পরপরই ফেরিতে পানি উঠতে শুরু করে। সকাল পৌনে ১০টার দিকে মানিকগঞ্জের পাটুরিয়ার ৫ নম্বর ঘাটের পন্টুনে ভেড়ামাত্রই ফেরিতে থাকা পণ্যবাহী তিনটি ট্রাক দ্রুত নেমে যায়। আরেকটি ট্রাক নামতে গেলে ফেরিটি এক পাশে কাত হয়ে যায় এবং ট্রাকটিও নদীতে পড়ে যায়। এর পরপরই অন্যান্য যানবাহন নিয়ে পন্টুনের কাছে পদ্মায় ডুবে যায় ফেরিটি।