পাটুরিয়ায় যাত্রীবাহী গাড়ির চাপ কমেছে, অপেক্ষায় পণ্যবাহী পাঁচ শতাধিক গাড়ি
মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে গত দুই দিনে যাত্রীবাহী বাস, ব্যক্তিগত বিভিন্ন গাড়িসহ যাত্রীর প্রচণ্ড চাপ থাকলেও আজ শুক্রবার সকালে এসব যানবাহনের চাপ কিছুটা কমেছে। যাত্রীদের দুর্ভোগ কমাতে অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত গাড়ি পারাপার করায় ঘাট এলাকা ও এর আশপাশে পণ্যবাহী পাঁচ শতাধিক গাড়ি আটকা পড়েছে। তিন থেকে চার দিন ধরে আটকে থেকে চরম ভোগান্তিতে পড়েছেন এসব পরিবহনের শ্রমিকেরা।
এদিকে চাপ কমলেও আজ বেলা ১১টার দিকে পাটুরিয়া ঘাট এলাকায় যাত্রীবাহী অর্ধশতাধিক ও শতাধিক ব্যক্তিগত গাড়ি নদী পারের অপেক্ষায় রয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের কর্মকর্তা, দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক পুলিশের সদস্য এবং যাত্রী ও পরিবহনের শ্রমিকেরা পাটুরিয়া ঘাটের এমন পরিস্থিতির কথা জানিয়েছেন।
আজ ও কাল শনিবার সাপ্তাহিক ছুটির সঙ্গে গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের ছুটি ছিল। এ ছাড়া আজ পবিত্র শবে বরাত। টানা এই তিন দিনের ছুটির কারণে গত বুধবার থেকে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার অনেক যাত্রী গ্রামের বাড়ি যান। এতে পাটুরিয়া ঘাট এলাকায় গত দুই দিন যাত্রী ও যানবাহনের বাড়তি চাপ পড়ে। আজও অনেকে বাস ও ব্যক্তিগত গাড়িতে বাড়িতে যাচ্ছেন। এই নৌপথে ছোট-বড় মিলিয়ে ২০টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।
পাটুরিয়া ঘাটে দায়িত্বপ্রাপ্ত জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) আবদুল্লাহ আল-জোবায়েদ প্রথম আলোকে বলেন, যাত্রীদের দুর্ভোগ বিবেচনা করে যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত বিভিন্ন গাড়ি পারাপার করায় ঘাট এলাকায় পণ্যবাহী পাঁচ শতাধিক গাড়ি আটকা পড়েছে। এসব গাড়ি পাটুরিয়া ট্রাক টার্মিনালসহ উথলী-পাটুরিয়া সংযোগ সড়ক এবং উথলী-বোয়ালিয়া সড়কে সারিবদ্ধভাবে রাখা হয়েছে।
আবদুল্লাহ আল-জোবায়েদ আরও বলেন, ট্রাক টার্মিনালে স্থানসংকুলান না হওয়ায় ঘাটের অদূরে সড়কের এক পাশে পণ্যবাহী গাড়ি রাখা হয়েছে। টার্মিনাল থেকে পণ্যবাহী গাড়িগুলো নদী পার হওয়ার পর সড়কে রাখা গাড়িগুলো টার্মিনালে পাঠানো হবে।
জেলা ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, ব্যক্তিগত গাড়ির চাপ বেড়ে যাওয়ায় যানজট এড়াতে ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয়ের টেপড়া থেকে নালী সড়ক দিয়ে এসব ছোট যানবাহন চলাচল করছে। আজ বেলা ১১টার দিকে পাটুরিয়া প্রান্তে যাত্রীবাহী অর্ধশতাধিক বাস পাটুরিয়া-উথলী সংযোগ সড়কে সারিতে রাখা হয়েছে। এ ছাড়া নালী বাজার থেকে পাটুরিয়ার পাঁচ নম্বর ঘাট পর্যন্ত শতাধিক ব্যক্তিগত গাড়ি নদী পারের অপেক্ষা রয়েছে।
আজ সকাল থেকে পাটুরিয়া ঘাট এলাকায় নদী পারের জন্য যাত্রীবাহী বাসগুলোকে এক থেকে দুই ঘণ্টা ধরে অপেক্ষায় থাকতে হচ্ছে। এতে ঘরমুখী যাত্রীরা পড়েছেন দুর্ভোগে। তবে যাত্রীদের থেকে পণ্যবাহী গাড়ির শ্রমিকদের ভোগান্তি আরও বেশি। তাঁরা চার থেকে চার দিন পর্যন্ত ঘাটে এসে আটকে থাকছেন।
গাজীপুর থেকে মাছের খাদ্য নিয়ে যশোর যাওয়ার পথে পাটুরিয়া প্রান্তে আসার পর গত মঙ্গলবার দিবাগত রাত একটা থেকে আটকে আছেন ট্রাকচালক সেলিম মোল্লা (৫৫)। আজ বেলা ১১টায়ও তিনি ফেরির নাগাল পাননি। তিনি বলেন, যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত গাড়ির চাপ বেড়ে যাওয়ায় ওই সব যানবাহনকে আগে পারাপার করা হয়। এ কারণে তাঁর মতো পণ্যবাহী গাড়ির চালক ও সহকারীদের তিন থেকে চার দিন ঘাটেই পড়ে থাকতে হয়। নিজের পকেটের টাকা খরচ করে তাঁদের খেতে হয়। যত বেশি সময় আটকে থাকতে হয়, তাঁদের খরচ বাড়ে। এ ছাড়া গাড়ির মালিকও আর্থিক ক্ষতির সম্মুখীন হন।
এ ব্যাপারে বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল বলেন, গত দুই দিনে যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত বিভিন্ন গাড়ির চাপ থাকলেও আজ তা কমে এসেছে। পর্যাপ্তসংখ্যক ফেরিতে নিয়মিত পারাপার করায় যাত্রীবাহী এসব যানবাহনের সংখ্যা কম। তবে পণ্যবাহী গাড়ির প্রচণ্ড চাপ রয়েছে। দুপুর থেকে পণ্যবাহী গাড়ি নিয়মিত পারাপার করা হলে আজ রাতের মধ্যে পণ্যবাহী গাড়ির চাপও স্বাভাবিক হয়ে আসবে বলে তিনি আশাবাদী।