পাটুরিয়ায় যানবাহনের দীর্ঘ যানজট, ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট এলাকায় দীর্ঘ সারিতে আটকা পড়েছে বিভিন্ন যানবাহন। শুক্রবার বিকেলে পাটুরিয়া ঘাট এলাকায়
ছবি: আব্দুল মোমিন

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট এলাকায় গতকাল বৃহস্পতিবার থেকে যানবাহনের চাপ বেড়েছে। আজ শুক্রবার বিকেলে পাটুরিয়া প্রান্তে পারের অপেক্ষায় শতাধিক যাত্রীবাহী বাস ও চার শতাধিক পণ্যবাহী যানবাহন ছিল। দীর্ঘ সময় ঘাট এলাকায় আটকে থেকে যাত্রী ও যানবাহনের শ্রমিকেরা দুর্ভোগ পোহাচ্ছেন।

ট্রাফিক পুলিশ ও ফেরিঘাট সূত্রে জানা যায়, মুন্সিগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের বাংলাবাজার নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকায় অনেক যানবাহন পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে আসছে। পাশাপাশি পদ্মা নদীর তীব্র স্রোতের কারণে যানবাহন নিয়ে ফেরিগুলোকে ধীরগতিতে চলতে হচ্ছে। এতে যানবাহন পারাপারে সময় বেশি লাগছে। পবিত্র আশুরাসহ সাপ্তাহিক ছুটির কারণে পাটুরিয়া ঘাট এলাকায় যানবাহনের যাত্রী ও বিভিন্ন যানবাহনের চাপ বেড়েছে।

মানিকগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) আবদুল্লাহ আল-জোবায়েদ বলেন, আজ সকাল থেকে বিকেল পর্যন্ত পাটুরিয়ায় যাত্রী ও যানবাহনের চাপ আছে। বিকেল চারটার দিকে পাটুরিয়ায় দুটি ট্রাক টার্মিনালে তিন শতাধিক পণ্যবাহী গাড়ি নদী পারের অপেক্ষায় ছিল। টার্মিনালে জায়গা না হওয়ায় টার্মিনাল–সংলগ্ন পাটুরিয়া-উথলী সংযোগ সড়কেও শতাধিক পণ্যবাহী গাড়ি সারি করে রাখা হয়েছে। এ ছাড়া শতাধিক যাত্রীবাহী বাস ফেরিতে ওঠার অপেক্ষায় আছে।

পাটুরিয়া ঘাট এলাকায় আটকে থাকা ফরিদপুরগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসের যাত্রী আতোয়ার রহমান বলেন, বেলা দুইটার দিকে পাটুরিয়ার আরসিএল মোড় এলাকায় অন্যান্য বাসের মতো তাঁদের বাসটিও আটকা পড়ে। দুই ঘণ্টার বেশি সময় ধরে ফেরিতে ওঠার অপেক্ষায় বাসে বসে আছেন। তবে তাঁদের বাসের সামনে আরও শতাধিক বাস ফেরিতে ওঠার অপেক্ষায় আছে।

অপর একটি বাসের মাগুরাগামী যাত্রী লোকমান হোসেন বলেন, প্রায় চার ঘণ্টা ধরে ঘাটে আটকে আছেন। এখনো ফেরিতে উঠতে পারেননি। স্ত্রী-সন্তান নিয়ে বাসের মধ্যে দুর্ভোগ পোহাচ্ছেন।

যাত্রীদের ভোগান্তি বিবেচনা করে যাত্রীবাহী বাস পারাপারে অগ্রাধিকার দেওয়ায় ঘাট এলাকায় পণ্যবাহী গাড়ি আটকা পড়েছে। এতে পরিবহনশ্রমিকেরা পড়েছেন ভোগান্তিতে। নারায়ণগঞ্জ থেকে সয়াবিন তেলবোঝাই যশোরগামী একটি ট্রাকের চালক আনোয়ার হোসেন (৫০) বলেন, দুই দিন ধরে ঘাটে এসে নদী পার হতে পারছেন না। নিজের পকেটের টাকা খরচ করে ঘাটেই খেতে হচ্ছে, থাকতে হচ্ছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (বাণিজ্য) মো. জিল্লুর রহমান বলেন, পাটুরিয়া ঘাট এলাকায় যানবাহনের বাড়তি চাপ পড়ায় যাত্রীদের ভোগান্তি কমাতে অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী বাস আগে পারাপার করা হচ্ছে। সাধারণ পণ্যবাহী যানবাহনের প্রচণ্ড চাপ আছে। তবে বিকেলে যাত্রীবাহী বাসের চাপ কিছুটা কমে আসায় এসব বাসের পাশাপাশি পণ্যবাহী গাড়ি পারাপার করা হয়। এ নৌরুটে পর্যাপ্ত ফেরি থাকলেও নদীতে প্রচণ্ড স্রোতের পাশাপাশি যাত্রী ও যানবাহনের চাপের কারণে পারাপারে হিমশিম খেতে হচ্ছে।