পাত্রখোলা চা-বাগান লেকে অতিথি পাখিদের জলকেলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পাত্রখোলা চা–বাগান লেকের পানিতে অতিথি পাখিদের জলকেলি
প্রথম আলো

দল বেঁধে একঝাঁক অতিথি পাখি উড়ে এসে নেমে যাচ্ছে লেকের জলে। আর জলের মধ্যে কয়েকটি দলে জলকেলি করছে পাখির দল। জলকেলি আর কলকাকলিতে মুখরিত পুরো লেক। মৌলভীবাজারের কমলগঞ্জের পাত্রখোলা চা-বাগানের ১৮ নম্বর সেকশনের লেকে এই দৃশ্য এখন প্রতিদিনের। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি ও পাখ-পাখালির অভয়ারণ্য পাত্রখোলা চা–বাগান লেকটিতে প্রতিবছরের মতো এবারও শীতের শুরু থেকে দলে দলে চলে আসে অতিথি পাখি।

ভোরের শিশির সিক্ত সবুজ চা-বাগান পাখিদের কলতানে মুখর এখন। পাখি দেখতে দেখতে সকাল, দুপুর আর বিকেল গড়িয়ে যায় প্রকৃতিপ্রেমীদের।

ন্যাশনাল টি কোম্পানির (এনটিসি) পাত্রখোলা চা-বাগানসহ ৫টি চা–বাগানের দায়িত্বপ্রাপ্ত উপমহাব্যবস্থাপক শামছুল ইসলাম বলেন, মূলত শীত মৌসুমে চাগাছ ছাঁটাইকালে লেক থেকে চাগাছে সেচ দেওয়া হয়। এই উদ্দেশ্যেই পাত্রখোলা চা–বাগানের ১৮ নম্বর সেকশনে লেকটি করা হয়েছিল। লেকটি করার পর থেকে শীত এলেই লেকে আগমন ঘটে অতিথি পাখির। পাখির কিচিরমিচির শব্দ, ঝাঁক বেঁধে উড়ে বেড়ানো ও পানিতে ঝাঁপাঝাঁপিতে যেন অন্য রকম সৌন্দর্যে সাজে লেকটি। লেকের সৌন্দর্য রক্ষা ও অতিথি পাখি শিকার রোধে নেওয়া হয় পাহারার উদ্যোগ। শীতপ্রধান দেশ থেকে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে আসা অতিথি পাখিদের বিরক্ত না করতে দর্শনার্থীদের প্রতি আহ্বান জানানো হয়।

পাখি দেখতে আসা মো. সালাহ উদ্দীন ও রুহুল ইসলাম বলেন, ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত পাখিদের কিচিরমিচির শব্দে জলকেলি আর ঝাঁক বেঁধে উড়ে বেড়ানোর দৃশ্য দেখতে খুবই ভালো লাগে। এত কাছ থেকে অতিথি পাখি দেখার মজাই আলাদা। অতিথি পাখি যাতে অবাধে বিচরণ করতে পারে, সে দিকে বন বিভাগের নজর রাখা উচিত বলে তাঁরা মনে করেন।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পাত্রখোলা চা–বাগান লেকের পানিতে অতিথি পাখিদের জলকেলি
প্রথম আলো

এ বছর কালকোর্ট, ধনেশ পাখি, পানকৌড়ি, মচরংভূতি হাঁস, সাদা বক, লালচে বক, সাপ পাখি, কাললেজ জহুরালীসহ নানা প্রজাতির অতিথি পাখির আগমন ঘটেছে চা–বাগানের এই লেকে।