পাথর কোয়ারি খোলার দাবিতে ২২ ডিসেম্বর থেকে সিলেট বিভাগে তিন দিনের পরিবহন ধর্মঘট
সিলেটের পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে পণ্যবাহী যানবাহন ধর্মঘটের পর এবার সিলেট বিভাগের ৪ জেলায় ২২ ডিসেম্বর থেকে তিন দিনের পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে নগরীর সোবহানীঘাটে ‘বৃহত্তর পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী শ্রমিক ঐক্য পরিষদ’-এর আহ্বানে জরুরি সভার পর এ ধর্মঘট আহ্বান করা হয়।
বিকেলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ধর্মঘট আহ্বানের বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়েছে। একই দাবিতে ৯ ডিসেম্বর ৪৮ ঘণ্টার পণ্যবাহী যানবাহন ধর্মঘট পালিত হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২২, ২৩ ও ২৪ ডিসেম্বর সিলেট বিভাগের ৪ জেলায় সব ধরনের পরিবহন ধর্মঘট আহ্বান করা হয়েছে। পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে পাথর ব্যবসায়ী ও শ্রমিক সংগঠনের সমন্বয়ে গঠিত ঐক্য পরিষদের ডাকা ধর্মঘটে একাত্মতা পোষণ করেছে গণপরিবহন, পণ্য পরিবহনের মালিক ও শ্রমিক সংগঠনগুলো।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে ২২, ২৩ ও ২৪ ডিসেম্বর সিলেট বিভাগের ৪ জেলায় সব ধরনের পরিবহন ধর্মঘট আহ্বান করা হয়েছে।
দুপুরে নগরীর সোবহানীঘাট এলাকার একটি রেস্তোরাঁর সম্মেলনকক্ষে পাথর কোয়ারি সচল করার দাবিতে গড়ে ওঠা আন্দোলন নিয়ে মতবিনিময় হয়। সভায় ধর্মঘট আহ্বানের বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত হয়। এরপর সিলেট বিভাগীয় ট্রাক-পিকআপ-কাভার্ড ভ্যান মালিক ঐক্য পরিষদ ও সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপ সভাপতি গোলাম হাদী ছয়ফুল বিভাগের সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় একটানা তিন দিনের পরিবহন ধর্মঘট কর্মসূচি ঘোষণা করেন।
সভায় বক্তারা বলেন, সরকারি সিদ্ধান্তে প্রায় এক বছর ধরে সিলেটের সব কটি পাথর কোয়ারি থেকে পাথর উত্তোলন বন্ধ আছে। মূলত পরিবেশ রক্ষার অজুহাতে একটি চক্রের ইন্ধনেই দেশীয় এই সম্পদ আহরণ বন্ধ রেখে নিম্নমানের বিদেশি পাথর আমদানি করা হচ্ছে। অথচ সিলেটের পাথর কোয়ারিগুলোর পাথরই দেশের নির্মাণশিল্পের অন্যতম প্রাণ হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। পাথর উত্তোলন বন্ধ থাকায় একদিকে সরকার রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে বেকার হয়ে পড়েছেন পাথর আহরণ, বিক্রয় ও পরিবহনের সঙ্গে জড়িত প্রায় ১৫ লাখ মানুষ। এ অবস্থায় মালিক-শ্রমিক অসহায় হয়ে মানবেতর জীবন যাপন করছেন। পরিবহন ব্যবসাসহ সব ধরনের ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ায় ভেঙে পড়েছে বৃহত্তর সিলেটের অর্থনৈতিক ভিত্তি। পাথর কোয়ারি খুলে দেওয়া ছাড়া এ পরিস্থিতি কাটানোর অন্য কোনো বিকল্প না থাকায় তাঁরা ধর্মঘট আহ্বানে বাধ্য হয়েছেন।
সিলেট জেলা ট্রাকমালিক গ্রুপের সাংগঠনিক সম্পাদক শাব্বীর আহমদ প্রথম আলোকে বলেন, প্রায় দুই মাস ধরে স্মারকলিপি পেশ, সিলেট জেলায় ৪৮ ঘণ্টার পণ্যবাহী যানবাহন ধর্মঘটসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পাথর কোয়ারি খোলার দাবি জানানো হয়েছিল। এ কর্মসূচি পালনের পর দাবি পূরণে কোনো প্রত্যাশিত সাড়া না পাওয়ায় দ্বিতীয় পর্যায়ে এই ধর্মঘট আহ্বান করা হয়েছে। এতেও দাবি পূরণ না হলে লাগাতার ধর্মঘট আহ্বানের প্রস্তুতি নেওয়া হয়েছে।
সিলেট বিভাগীয় ট্রাক-পিকআপ ও কাভার্ড ভ্যান মালিক ঐক্য পরিষদ ও সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সাংগঠনিক সম্পাদক শাব্বীর আহমদ ফয়েজ সভায় সঞ্চালনা করেন। অন্যদের মধ্যে সভায় বক্তব্য দেন সিলেট বিভাগীয় ট্রাক-পিকআপ-কাভার্ড ভ্যান শ্রমিক ঐক্য পরিষদ ও সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকার, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের যুগ্ম সম্পাদক সাদেক খান, বৃহত্তর পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক আবদুল জলিল, সদস্যসচিব নুরুল আমিন, ধোপাগুল পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি সৈয়দ সালেহ আহমদ, কোম্পানীগঞ্জ উপজেলা পাথর ব্যবসায়ী সমিতির সহসাধারণ সম্পাদক শওকত আলী, জাফলং পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুস শহিদসহ পাথর ব্যবসা ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা।