পাথর শেডের দখল নিয়ে সংঘর্ষ, স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক
ফরিদপুর সদর উপজেলার শিবরামপুর রেলস্টেশনে পাথর শেডের দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি জহুরুল ইসলাম ওরফে জনিসহ কমপক্ষে চারজন আহত হয়েছেন। আজ রোববার দুপুরে উপজেলার মাচ্চর ইউনিয়নের শিবরামপুর রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে কোতোয়ালি থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে। তখন পুলিশের ওপর হামলা চালায় অন্য পক্ষ। হামলায় পুলিশের তিন সদস্য আহত হন। পুলিশ স্বেচ্ছাসেবক লীগ নেতা জহুরুল ইসলামসহ দুজনকে আটক করেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, সদর উপজেলার শিবরামপুর রেলস্টেশনে ভারত থেকে রেলযোগে আনা পাথর আনলোড করা হয়। এরপর সেখান থেকে ১০ চাকার লরিতে লোড করে পাথর দেশের বিভিন্ন স্থানে বিক্রি করা হয়। ওই পাথর লোড-আনলোড নিয়ে সেখানে মোটা অঙ্কের টাকা লেনদেন হয়ে থাকে।
স্থানীয় সূত্র জানায়, ২০২০ সালের জুনে ফরিদপুরে আওয়ামী লীগের রাজনীতির পট পরিবর্তনের পর শিবরামপুর রেলস্টেশনে পাথর লোড-আনলোডের অবৈধ চাঁদাবাজির হাতবদল হয়। পরিবর্তিত পরিস্থিতিতে পাথর লোড-আনলোডের চাঁদাবাজিতে প্রভাবশালীদের পক্ষে বিএনপি-সমর্থিত স্থানীয় রাকিবুল ইসলাম (৩২) ও আওয়ামী লীগ-সমর্থিত আলাউদ্দিন মোল্লা (৪০) নামের দুই ব্যক্তির নিয়ন্ত্রণে চলে যায়।
প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ দুপুর ১২টার দিকে জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি জহুরুল ইসলামের নেতৃত্বে অর্ধশতাধিক যুবক শিবরামপুর রেলস্টেশনের পাথর শেডের দখল নিতে যান। তখন রাকিবুল ও আলাউদ্দিনের নেতৃত্বে আরেকটি দল তাঁদের প্রতিহত করে। এ সময় জহুরুলসহ তাঁর পক্ষের বেশ কয়েকজন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জহুরুলসহ তাঁর পক্ষের কোতোয়ালি থানা কৃষক লীগের সদস্যসচিব মোরশেদ আলী (৪৫), রানা সরদার (৪০) ও আছিরুদ্দিনকে (৪৫) উদ্ধার করে নিয়ে আসে। পরে পুলিশ জহুরুল ও আছিরুদ্দিনকে আটক করে। তখন জহুরুলের কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়। তাঁর বাড়িতে অভিযান চালিয়ে আরও একটি শটগান উদ্ধার করা হয়েছে।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জহুরুল ইসলামের পিস্তলের লাইসেন্স থাকলেও ব্যবহারে আইনের ব্যত্যয় ঘটেছে। এক দলকে হটিয়ে অপর দল পাথর শেডের দখল নিতে গেলে সেখানে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়। পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের ওপর হামলার ঘটনা ঘটে। হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বলেন, এ ঘটনায় বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার এবং পুলিশের ওপর হামলার ঘটনায় পৃথক দুটি মামলার প্রস্তুতি চলছে।