পাথরঘাটায় ঢোল ছিনিয়ে নিয়ে নগর কীর্তনে হামলা, আহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনার পাথরঘাটায় গতকাল নগর কীর্তনে ঢোল ছিনিয়ে নিয়ে হামলার অভিযোগ উঠেছে। আজ বিকেলে থানা-পুলিশ ও পাথরঘাটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন
ছবি: প্রথম আলো

বরগুনার পাথরঘাটায় নগর কীর্তনে ঢোল ছিনিয়ে নিয়ে হামলার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার রাত ১০টার দিকে উপজেলার উত্তর তালুক চরদুয়ানী গ্রামের দুলাল মালাকারের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নারীসহ ছয়জনকে মারধর করে আহত করা হয়। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সুমন শিকদারের উপস্থিতিতে এ হামলা চালানো হয় বলে অভিযোগ ওঠে। যদিও তিনি এ অভিযোগ অস্বীকার করেছেন।

আজ মঙ্গলবার বিকেলে থানা-পুলিশ ও পাথরঘাটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পাথরঘাটা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বাসুদেব শীল ও কাঁঠালতলী ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নগর কীর্তন দলের সদস্যরা বলেন, দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে উত্তর তালুক চরদুয়ানী গ্রামে ১ চৈত্র থেকে ৩০ চৈত্র পর্যন্ত নগর কীর্তনের আয়োজন করা হয়। স্থানীয় অঞ্জলী রানী বালা, তন্ময় বিশ্বাস ও পলাশ হাওলাদারের নেতৃত্বে অন্তত ২৫ জন স্থানীয় সনাতনী নারী-পুরুষ নগর কীর্তনে অংশ নেন। তাঁরা সবাই সনাতন ধর্মের মতুয়া সম্প্রদায়ের। প্রতিদিন রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত ওই গ্রামের ২১টি বাড়িতে পালাক্রমে নগর কীর্তন অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় গতকাল রাত ১০টার দিকে দুলাল মালাকারের বাড়িতে নগর কীর্তন চলছিল। সে সময় স্থানীয় গেন্দু হাওলাদার, এমাদুল খান, জসিম হাওলাদার, রাসেল হাওলাদারসহ অন্তত সাতজন কীর্তনে হামলা চালান। হামলায় ছয়জন আহত হয়েছেন।

কীর্তনে অংশ নেওয়া সুমন মালাকার প্রথম আলোকে বলেন, গতকাল রাত ১০টার দিকে কীর্তন চলাকালে তাঁর ঢোল (ডঙ্কা) ছিনিয়ে নেন রাসেল ও জহির। এ সময় তাঁদের সঙ্গে রাসেল ঢোল বাজান। কিন্তু কীর্তনের বাজনার সঙ্গে তাল না মেলায় তাঁরা রাসেলের কাছে ঢোল ফেরত চান। এতে রাসেল ও জহির ক্ষিপ্ত হয়ে কীর্তন বন্ধ করে দেন। এরপর গেন্দু ও এমাদুলের নেতৃত্বে তাঁদের বাড়িতে ত্রাস সৃষ্টি করে। শেষে কীর্তন বন্ধ করতে বাধ্য হন।

দুলাল মালাকারের পুত্রবধূ সন্ধ্যা মালাকার প্রথম আলোকে বলেন, ‘হামলা চালিয়ে কীর্তন বন্ধ করে দেওয়ার পর তাঁরা আমাদের মারধর করেন। একপর্যায়ে আমরা ঘরে আশ্রয় নিলে দরজা কুপিয়ে ঘরে ঢোকেন। এতে ঘরের নারী ও পুরুষেরা ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন।’

অভিযোগের ব্যাপারে ইউপি সদস্য সুমন সিকদার বলেন, ‘রাজনৈতিকভাবে আমাকে জড়ানো হচ্ছে। আমার উপস্থিতিতে কাউকে কোপানো বা হামলা চালানো হয়নি।’

এ বিষয়ে পাথরঘাটা থানার উপপরিদর্শক (এসআই) আবু জাফর সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা ঘটনাস্থলে আছি। ওই বাড়ির লোকজন ও সনাতন ধর্মাবলম্বীদের কথা শুনে সিদ্ধান্ত নেওয়া হবে।’