পাথরঘাটায় বিলুপ্ত ও মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়ে চলছে ছাত্রলীগ
বরগুনার পাথরঘাটা উপজেলা ছাত্রলীগ, সাতটি ইউনিয়ন ছাত্রলীগের কমিটিসহ ১২টি শাখা কমিটি বিলুপ্ত ও মেয়াদোত্তীর্ণ হওয়ায় সংগঠনটি এখন খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। তবে ওই শাখা কমিটিতে ছাত্রলীগের কার্যক্রম ৪ থেকে ১৬ বছর ধরে না থাকায় এ অচলাবস্থা দেখা দিয়েছে।
জানতে চাইলে পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের সর্বশেষ কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ওয়ালিদ মক্কী প্রথম আলোকে বলেন, উপজেলা ছাত্রলীগের সর্বশেষ কমিটির সভাপতি ছিলেন হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক ছিলেন এনামুল হোসাইন। এ কমিটি ২০১৬ সালের ৩০ জুলাই ঘোষণা করা হয়। ওই কমিটি ২০১৯ সালের ১৩ ডিসেম্বর কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করে। সেই থেকে উপজেলা ছাত্রলীগের নেতা–কর্মী ও সর্মথকেরা নেতৃত্বহীন অবস্থায় চলছেন।
নাম প্রকাশ না করার শর্তে ওই বিলুপ্ত কমিটির একাধিক নেতা প্রথম আলোকে বলেন, সাংগঠনিক তৎপরতা তো দূরের কথা, ঐক্যবদ্ধ ছাত্রলীগ কর্মী পাওয়াই এখন কষ্টকর। আর যাঁরাও আছেন, তাঁরাও দল-উপদলে ভাগ হয়ে রাজনীতির নামে কোন্দল করছেন। এতে দলের কার্যক্রম ঝিমিয়ে পড়ছে।
ওই ১২টি শাখা কমিটি হলো পাথরঘাটা উপজেলা ছাত্রলীগ, কাকচিড়া সাংগঠনিক থানা ছাত্রলীগ, পাথরঘাটা কলেজ ছাত্রলীগ, সৈয়দ ফজলুল হক কলেজ ছাত্রলীগ, পাথরঘাটা পৌর ছাত্রলীগ, রায়হানপুর ইউনিয়ন ছাত্রলীগ, নাচনাপাড়া ইউনিয়ন ছাত্রলীগ, চরদুয়ানী ইউনিয়ন ছাত্রলীগ, পাথরঘাটা সদর ইউনিয়ন ছাত্রলীগ, কালমেঘা ইউনিয়ন ছাত্রলীগ, কাকচিড়া ইউনিয়ন ছাত্রলীগ ও কাঁঠালতলী ইউনিয়ন ছাত্রলীগ।
পদপ্রত্যাশী অন্তত ১৮ জন ছাত্রলীগ নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলা ছাত্রলীগের সম্পাদক এনামুলকে বহিষ্কারের পর ওই কমিটি দুই বছর আগে বিলুপ্ত করা হয়। একইভাবে পাথরঘাটা কলেজ ছাত্রলীগের সভাপতি রুহিয়ানান দানিয়াল ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনকে বহিষ্কারের পর ওই কমিটি চার বছর আগে বিলুপ্ত করা হয়। এরপর ওই দুটি শাখা কমিটিতে আর কোনো নতুন নেতৃত্ব আসেননি। এতে উপজেলা কমিটির দুই বছর ধরে ও পাথরঘাটা কলেজ কমিটির চার বছর ধরে কার্যক্রম বন্ধ রয়েছে। একইভাবে পাথরঘাটা পৌর ছাত্রলীগ, পাথরঘাটা সদর ইউনিয়ন ছাত্রলীগ, কাঁঠালতলী ইউনিয়ন ছাত্রলীগ ও কালমেঘা ইউনিয়ন ছাত্রলীগ চার বছর আগে মেয়াদোত্তীর্ণ হয়ে খুঁড়িয়ে চলছে।
তবে কাকচিড়া সাংগঠনিক থানা ছাত্রলীগ ও সৈয়দ ফজলুল হক কলেজ ছাত্রলীগ পাঁচ বছর ধরে মেয়াদোত্তীর্ণ হয়ে ঝিমিয়ে পড়েছে। আট বছর আগেই মেয়াদোত্তীর্ণ হয়েছে চরদুয়ানী ইউনিয়ন ছাত্রলীগ ও নাচনাপাড়া ইউনিয়ন ছাত্রলীগের কমিটি। ১৫ বছরের বেশি সময় ধরে রায়হানপুর ইউনিয়ন ছাত্রলীগ ও কাকচিড়া ইউনিয়ন ছাত্রলীগের কার্যক্রম চোখেই পড়ছে না।
ছাত্রলীগে অচলাবস্থা প্রসঙ্গে উপজেলা ছাত্রলীগের একাধিক সাবেক নেতা প্রথম আলোকে বলেন, ‘আওয়ামী লীগের সেই দুঃসময়েও গ্রামে ঘুরে ঘুরে ইউনিয়ন ও স্কুল কমিটি করেছি। কিন্তু দল ক্ষমতায়, তাই এখন আর কেউ সংগঠনের দিকে তাকায় না। যে যেভাবে পারছে, সে সেইভাবে দলকে ব্যবহার করছে। আজ পাথরঘাটার ছাত্রলীগের অবস্থা ভেবেও কষ্ট লাগে যে ছাত্রলীগের মতো এমন একটি ঐতিহ্যবাহী সংগঠনে আমিও ছিলাম। তবে দ্রুত পাথরঘাটা ছাত্রলীগের ১২টি শাখা কমিটির সম্মেলন করে ত্যাগী ও ভালো ছাত্রদের নেতৃত্বে এনে দলকে শক্তিশালী করা এখন সময়ের দাবি।’
বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের আদনান প্রথম আলোকে বলেন, ‘ওই শাখা কমিটির মধ্যে শিগগিরই পাথরঘাটা উপজেলা ছাত্রলীগ, পাথরঘাটা পৌর ছাত্রলীগ ও পাথরঘাটা কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হবে। ওই তিনটি শাখা কমিটির সম্ভাব্য প্রার্থীদের জীবনবৃত্তান্ত যাচাই-বাছাই চলছে। এ কমিটি ঘোষণার পর উপজেলা কমিটি ইউনিয়ন কমিটির উদ্যোগ নিলে এ সমস্যা থাকবে না। তবে পাথরঘাটার দুই সাংসদ ও উপজেলা আওয়ামী লীগ এবং সাবেক ছাত্রলীগ নেতাদের সমন্বয় করে যত শিগগির সম্ভব কমিটির দেওয়ার সিদ্ধান্ত আমাদের রয়েছে।’