পাথরঘাটায় র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জলদস্যু নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন্দুকযুদ্ধ
প্রতীকী ছবি

বরগুনার পাথরঘাটা উপজেলায় র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া দুইটার দিকে উপজেলার বিষখালী নদীর তীরবর্তী বাদুরতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে তিনটি আগ্নেয়াস্ত্র ও সাতটি গুলি উদ্ধার করেছে র‍্যাব।

তবে নিহত ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে পারেনি র‍্যাব। তবে র‍্যাবের দাবি, বন্দুকযুদ্ধে নিহত ওই ব্যক্তি জলদস্যু দলের সক্রিয় সদস্য।

র‍্যাব-৮ ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিষখালী নদীর তীরবর্তী এলাকায় র‍্যাব সদস্যরা অবস্থান নেন। কিছুক্ষণ পর সেখানে জলদস্যুদের অবস্থান টের পেলে র‍্যাব সদস্যরা জলদস্যুদের পিছু নেন। এ সময় র‍্যাব সদস্যদের লক্ষ্য করে দস্যুরা গুলি চালায়। আত্মরক্ষার্থে র‍্যাবও পাল্টা গুলি ছুড়লে জলদস্যুদের মধ্যে একজন গুলিবিদ্ধ হয়। এ সময় অন্য জলদস্যুরা সেখান থেকে পালিয়ে যায়।

পরে গুলিবিদ্ধ ওই দস্যুকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনাস্থল থেকে র‍্যাব তিনটি আগ্নেয়াস্ত্র, সাতটি রাবার বুলেট, দুটি রামদা ও চারটি খালি কার্তুজ উদ্ধার করেছে।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল বাশার শুক্রবার সকালে প্রথম আলোকে বলেন, নিহত ব্যক্তির লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় র‍্যাবের পক্ষ থেকে মামলা করা হবে।