পাথরঘাটায় হাঙর ও শাপলাপাতা জব্দ, ৯ জেলেকে অর্থদণ্ড
বরগুনার পাথরঘাটায় বিষখালী নদীতে একটি মাছ ধরার ট্রলারে তল্লাশি চালিয়ে ৪ মণ হাঙর ও ৩০টি শাপলাপাতা মাছের পোনা জব্দ করেছে পাথরঘাটা কোস্টগার্ড।
মঙ্গলবার বেলা ১১টার দিকে এসব মাছসহ এফবি আল মেহেদী নামের ওই ট্রলারে থাকা ৯ জেলেকে আটক করা হয়। এ সময় তাঁদের সবাইকে মোট পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
হাঙর ও শাপলাপাতা মাছ ধরার ক্ষেত্রে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা রয়েছে বলে জানিয়েছেন পাথরঘাটা কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট হারুন-অর-রশিদ। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বেলা ১১টার দিকে বিষখালী নদীর মোহনা থেকে এফবি আল মেহেদী নামের ওই ট্রলারে তল্লাশি চালানো হয়। এ সময় ৪ মণ (১৬০ কেজি) হাঙর ও ৩০টি শাপলাপাতা মাছের পোনা জব্দ করা হয়। ওই ট্রলারে থাকা ৯ জেলেকেও আটক করেন কোস্টগার্ডের সদস্যরা। পরে ওই ৪ মণ হাঙর ও ৩০টি শাপলাপাতা মাছ পাথরঘাটা উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তর ও স্থানীয় বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
এ ব্যাপারে পাথরঘাটা উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার প্রথম আলোকে বলেন, ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে জব্দ করা হাঙর ও শাপলাপাতা মাছ মাটি চাপা দেওয়া হয়েছে। এ ছাড়া এ ঘটনায় জড়িত ৯ জেলেকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।