পাথরঘাটায় নদের তীর থেকে নবজাতকের লাশ উদ্ধার
বরগুনার পাথরঘাটা উপজেলায় বলেশ্বর নদের তীর থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার রূহিতা গ্রামসংলগ্ন নদ থেকে লাশটি উদ্ধার করা হয়।
পাথরঘাটা থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব আলম প্রথম আলোকে বলেন, নবজাতকের লাশ উদ্ধার করে সুরতহাল করা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য লাশ পাথরঘাটা থানায় আনা হচ্ছে।
লাশ উদ্ধারের সময় ঘটনাস্থলে ছিলেন ইব্রাহীম সাজ্জাল, ইউসুফ হাওলাদার ও শাহীন হাওলাদার নামের স্থানীয় তিন ব্যক্তি। তাঁরা প্রথম আলোকে বলেন, আজ সকালে বলেশ্বর নদ থেকে মাছ শিকার করে জেলেরা তীরে ফিরছিলেন। এ সময় কয়েক জেলে নদের তীরে এক নবজাতকের লাশ দেখতে পান। পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে পাথরঘাটা থানার পুলিশ লাশ উদ্ধার করে।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার প্রথম আলোকে বলেন, খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহের সুরতহাল শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।