পাথরবোঝাই ট্রাক খাদে পড়ে চালকসহ নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় পাথরবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক ও তাঁর সহকারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে উপজেলার চরপ্রসন্নদি এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন ট্রাকচালক সজীব মৃধা (৩৩) ও তাঁর সহকারী শাহিন বিশ্বাস (৩২)। কুষ্টিয়ার খোকসা উপজেলার মুডাগাছা দক্ষিণপাড়া গ্রামের মুসা মৃধার ছেলে সজীব। ঝিনাইদহ জেলার চাপরী গ্রামের ওমর আলী বিশ্বাসের ছেলে শাহিন।
ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, মাদারীপুরের টেকেরহাট বন্দরগামী পথরবোঝাই একটি ট্রাক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই চালক ও তাঁর সহকারী মারা যান। লাশ দুটি উদ্ধার করে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।