পানছড়িতে ইউপিডিএফের সাবেক এক সদস্যকে গুলি করে হত্যা
খাগড়াছড়ির পানছড়িতে খল কুমার ত্রিপুরা ওরফে সাগর (২৮) নামের ইউপিডিএফের সাবেক এক সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার সকালে উপজেলার উল্টাছড়ি ইউনিয়নের মরাটিলা এলাকায় এ ঘটনা ঘটে। তিনি মরাটিলা এলাকার অলি মোহন ত্রিপুরার ছেলে।
স্থানীয় লোকজন বলেন, সকাল সাড়ে নয়টার দিকে পানছড়ির সাপ্তাহিক বাজারে যাওয়ার উদ্দেশ্যে রাস্তার ধারে গাড়ির অপেক্ষায় ছিলেন সাগর। এ সময় পানছড়ি বাজারের দিক থেকে সিএনজিচালিত দুটি অটোরিকশায় ১০ থেকে ১২ জনের একদল অস্ত্রধারী এসে তাঁকে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল হোসেন বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এ ব্যাপারে এখনো কেউ মামলা করেনি। পুলিশ অপরাধীদের ধরার চেষ্টা চালাচ্ছে।
ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের সম্পাদক নিরণ চাকমা স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।