পানছড়িতে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মারামারিতে আহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ি জেলার মানচিত্র

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে দুই সদস্য প্রার্থীর কর্মী-সমর্থকদের মারামারিতে চারজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে পানছড়ি উপজেলা পরিষদ এলাকায় এ মারামারিতে আহত ব্যক্তিদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আহত ব্যক্তিরা হলেন মো. মনোয়ার, মো. ইয়াসিন মিয়া (৩৪), আবদুল করিম (৩২) ও মো. রফিক। মারামারির পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই ইউনিয়নে গতকাল সোমবার ভোট গ্রহণ হয়েছিল। তবে অনিয়মের কারণে ৫ নম্বর ওয়ার্ডের একটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ৫ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী মো. ওবায়দুল হকের ছেলেসহ কয়েকজন সমর্থক উপজেলা পরিষদ এলাকায় এসে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. নাজির হোসেন, আরেক সদস্য প্রার্থী মো. আবদুল জব্বরসহ ভোটারদের গালিগালজ করেন। এ সময় আবদুল জব্বরের লোকজন তাঁদের সঙ্গে কথা–কাটাকাটির পর মারামারিতে জড়িয়ে পড়েন।

সদস্য প্রার্থী মো. আবদুল জব্বর বলেন, ‘এই ওয়ার্ডে দুটি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে গতকাল একটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়। যে কেন্দ্রে ফলাফল দেওয়া হয়েছে, সেখানে আমি বেশি ভোটে এগিয়ে আছি। এটাই আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সহ্য হচ্ছে না। সকালে এসে তাঁর ছেলেসহ কয়েকজন ভোটারদের গালাগাল করেছেন। কারণ জানতে চাইলে ওবায়দুল হকের ছেলেরা আমার ভগ্নিপতি ইয়াসিন মিয়া, ভাই আবদুল জলিলসহ সমর্থকদের মেরে আহত করেছেন।’

তবে সদস্য প্রার্থী ওবায়দুল হক পাল্টা অভিযোগ করে বলেন, ‘আমার সমর্থকদের আবদুল জব্বরের লোকেরা মারধর করেছেন। তাঁদের হাতে মার খেয়ে আমার এক সমর্থক হাসপাতালে ভর্তি হয়েছেন।’

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনছারুল করিম বলেন, মারামারির খবর শুনে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। এ ঘটনায় কেউ অভিযোগ করেনি।

গতকাল পানছড়ি উপজেলার পাঁচটি ইউনিয়নে সপ্তম ধাপে ইউপি নির্বাচনের ভোট গ্রহণ হয়। চারটি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হলেও সদর ইউনিয়নের ৫ ও ৮ নম্বর ওয়ার্ডের দুটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা রিপল চাকমা।