
খাগড়াছড়ির পানছড়িতে চেঙ্গী নদীর ওপর নির্মিত রাবার ড্যামের টিউব ছিদ্র হয়ে যাওয়ায় বোরো মৌসুমে সেচ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। গত মাসের শেষের দিকে বাঁধের প্রতিরোধক টিউব ফোলাতে গেলে ফুটোর বিষয়টি ধরা পড়ে। বর্তমানে বাঁধটি একরকম অকেজো হয়ে পড়ে আছে। পানি আটকানো যাচ্ছে না বলে অনেক কৃষক জমিতে সেচ দিতে পারছেন না।
পানছড়ি উপজেলা প্রকৌশলীর কার্যালয় থেকে জানা যায়, সাড়ে ১০ কোটি টাকা ব্যয়ে ২০১৩-১৪ অর্থবছরে বাঁধটি নির্মিত হয়। প্রায় ১০০ মিটার লম্বা এই রাবার ড্যামের পানি দিয়ে ৬৫০ একর জমিতে সেচসুবিধা দেওয়া হয়। এর মেয়াদকাল ধরা হয়েছিল ২৫ বছর। কিন্তু চার বছর যেতে না-যেতে বাঁধটি বেহাল হয়ে পড়েছে।
নিয়মমতো ড্যামের টিউব সংস্কার ও মেরামত করার কথা রাবার ড্যাম পরিচালনা কমিটির। তাঁরা ড্যামটির যথাযথ রক্ষণাবেক্ষণ করেননি বলে অভিযোগ আছে। তবে পরিচালনা কমিটির সদস্যরা বলেন, বাঁধের সুবিধাভোগী লোকজন সেচের কর ঠিকমতো পরিশোধ না করায় বাঁধ মেরামত করা যায়নি।
রাবার ড্যাম পরিচালনা কমিটির সভাপতি উপায়ন চাকমা বলেন, ‘রাবার ড্যামের আওতায় পানির পাম্প মালিক আছেন ২৬ জন। একর প্রতি আড়াই শ টাকা দেওয়ার কথা থাকলেও চার বছরে পাম্প মালিকেরা এক টাকাও পরিচালনা কমিটিকে দেয়নি। টাকার অভাবে ড্যাম মেরামত করা সম্ভব হচ্ছে না। ড্যামের রাবারের টিউবের সংযোগ খুলে যাওয়ার কারণে পানি আটকানো যাচ্ছে না। মেরামতের জন্য পানছড়ি প্রকৌশলী কার্যালয়ে যোগাযোগ করেছি। পাম্প মালিকদের জানিয়ে দেওয়া হয়েছে বাকি টাকা পরিশোধ করার জন্য।’
পাম্প মালিক শৈলেন চাকমা বলেন, কৃষকেরা সেচের মাধ্যমে জমি চাষ করেও সেচের টাকা না দেওয়ার কারণে সমিতিকে টাকা দেওয়া সম্ভব হয়নি।
এদিকে বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় দুশ্চিন্তা বেড়েছে কৃষকের। লতিবান এলাকার কৃষক শান্তিময় চাকমা বলেন, নিয়মিত সেচের টাকা পরিশোধ করেন তিনি। বোরো ধানের চারা লাগিয়েছেন এক সপ্তাহ আগে। রাবার ড্যামের পানি আটকানো যাচ্ছে না এই তথ্য জানা ছিল না তাঁর। গত রোববার সাপ্তাহিক বাজারে এসে জানতে পারেন। রাবার ড্যামের পানি আটকানো না গেলে পানির অভাবে ধানের চারা মারা পড়বে।
গত মঙ্গলবার সকালে পানছড়ি শান্তিপুরে চেঙ্গী নদীর রাবার ড্যাম এলাকায় গিয়ে দেখা যায়, ড্যামের রাবার টিউবের সংযোগ খুলে গেছে। চুপসে গেছে টিউবটি। পানির অভাবে শান্তিপুর, লতিবান, মানিক্ক্যাপাড়া, কর্মাপাড়া, কলেজ গেট ও মির্জিবিলসহ অনেক এলাকায় ফসলি জমিতে সেচ দেওয়া যাচ্ছে না।
স্থানীয়রা বলেন, প্রতিবছর ডিসেম্বর থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত ড্যামের পানি আটকানো থাকে। বাঁধ হওয়ার আগে এই এলাকার অনেক জমিতে শুষ্ক মৌসুমে চাষ হতো না। চাষের খরচও পড়ত দ্বিগুণ। রাবার ড্যামের কারণে অল্প খরচে পানছড়ি সদর, লতিবান ও উল্টাছড়ি ইউনিয়নের অনেক পতিত জমিতে চাষ করা সম্ভব হয়েছে। কিন্তু বাঁধটি অকেজো হয়ে পড়ায় কৃষকেরা সেচসুবিধা পাচ্ছেন না।
উপজেলা কৃষি কর্মকর্তা আলাউদ্দিন শেখ বলেন, এখন বোরো চাষের মৌসুম। রাবার ড্যামের টিউবের সংযোগ যদি মেরামত করা না হয় তাহলে বোরো ধানের চাষ হবে না। জমি খালি পড়ে থাকবে।
এ ব্যাপারে পানছড়ি উপজেলা প্রকৌশলী অরুণ কুমার দাস বলেন, রাবার ড্যাম নির্মাণ হওয়ার পর একটি ‘রক্ষণাবেক্ষণ তহবিল’ গঠন করা হয়েছিল। কৃষকদের কাছ থেকে সেচ কর আদায় করে এই তহবিলে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। ড্যামের ক্ষতি হলে সেচ করের টাকা দিয়েই তা মেরামত করার কথা। তবে ওই তহবিলে এখন কোনো টাকা নেই বলে জানা গেছে।
পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাশেম বলেন, ‘পানছড়ি প্রকৌশলী কার্যালয়ে অনুরোধ করেছি রাবার ড্যামটি মেরামত করার জন্য। তা ছাড়া পাম্প মালিকদের নির্দেশ দেওয়া হয়েছে কৃষকদের কাছ থেকে টাকা আদায় করার জন্য।’