পানি নেমে যাওয়ার পর ভাঙা সড়কে ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এক্সেস রোড পানিতে ডুবেছিল দুদিন। গত রোববারের ভারী বৃষ্টিতে সড়কটি তলিয়ে যায়। গতকাল বুধবার পানি সরে গেলে ভেসে ওঠে সড়কের ক্ষতবিক্ষত চেহারা। ২ দশমিক ২ কিলোমিটারের সড়কটির টিঅ্যান্ডটি কলোনি থেকে বড়পোল পর্যন্ত খানাখন্দে ভরা। নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টি ও মহেশ খালের বাঁধে পানি আটকে এ জলাবদ্ধতা হয়।

গতকাল দুপুরে সরেজমিনে দেখা গেছে, সড়কের পিচঢালাই উঠে গেছে। বড় বড় গর্তের কারণে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে গাড়ি চলাচল। গত মঙ্গলবার মহেশ খালের অস্থায়ী বাঁধ কেটে দেওয়ার পরও ওই সড়কের বেপারিপাড়ার অংশটি এখনো ডুবে আছে।

 সিটি করপোরেশন সূত্র জানায়, কয়েক দিনের টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এক্সেস রোডসহ ৯টি সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্য সড়কগুলো হলো পোর্ট কানেকটিং, নয়াবাজার, ডিটি রোড, মেরিনার্স রোড, সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর-অক্সিজেন মোড়, শাহ আমানত সেতু সংযোগ ও আরাকান সড়ক।

পোর্ট কানেকটিং সড়কে দেখা গেছে, সেখানেও ছোট-বড় অসংখ্য গর্ত সৃষ্টি হয়েছে। যেখানে গর্তের গভীরতা বেশি সেখানে গাছের ডাল ফেলে চালকদের সতর্কবার্তা দেওয়া হয়েছে। ফলে ধীরগতিতে চলছে গাড়ি।

পোর্ট কানেকটিং সড়কের রামপুর নয়াবাজারের বাসিন্দা সোহরাব হোসেন গতকাল প্রথম আলোকে বলেন, কয়েক দিন সড়কে ছিল পানি, এখন গর্তে পড়ে প্রাণ যায় অবস্থা।

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী লে. কর্নেল মহিউদ্দিন আহমদ এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, এবার অতিবৃষ্টিতে নগরের ৩০ শতাংশ রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের পাঁচটি দল নগরের পাঁচটি অঞ্চলে বিভক্ত হয়ে রাত-দিন ২৪ ঘণ্টা গর্ত ভরাট করে ক্ষতিগ্রস্ত সড়ক কার্পেটিং করে দিচ্ছে। তিনি আরও বলেন, বর্ষা থেমে গেলে ক্ষতিগ্রস্ত সড়কগুলো নতুন করে কার্পেটিং করে দেওয়া হবে।

এদিকে নগরের অন্যতম প্রধান সড়ক সিডিএ অ্যাভিনিউর লালখানবাজার মোড় থেকে বহদ্দারহাট পর্যন্ত কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ষোলশহর থেকে বহদ্দারহাট পর্যন্ত সড়কের দুদিকে অসংখ্য গর্ত সৃষ্টি হয়েছে। এই সড়কে আখতারুজ্জামান উড়ালসড়কের কাজ এখন প্রায় শেষ পর্যায়ে।

আখতারুজ্জামান উড়ালসড়কের নিচে ক্ষতিগ্রস্ত সড়কটি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ মেরামত করে দেবে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক মাহফুজুর রহমান। তিনি প্রথম আলোকে বলেন, ‘ক্ষতিগ্রস্ত সড়ক কার্পেটিং করে দিতে টানা রোদের প্রয়োজন। আমরা সেই অপেক্ষায় আছি।’

এদিকে আরাকান সড়কে বেশি ক্ষতিগ্রস্ত বহদ্দারহাট থেকে কাপ্তাই রাস্তার মাথা পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার অংশ। ওয়াসার খোঁড়াখুঁড়ি এবং টানা বৃষ্টিতে এই সড়কটি এখন যান চলাচলের উপযোগী নয় বলে ভুক্তভোগীরা জানিয়েছেন। এই সড়কটি চট্টগ্রাম ওয়াসার বড় দুটি প্রকল্পের জন্য খোঁড়াখুঁড়ি চলছে।

কথা হয় এই সড়কে চলাচলকারী নগরের চান্দগাঁও আবাসিক এলাকার বাসিন্দা আবু বকর চৌধুরীর সঙ্গে। তিনি প্রতিদিন এই সড়ক দিয়ে তাঁর মালিকানাধীন কালুরঘাটের ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়া-আসা করেন। তিনি জানান, কাপ্তাই রাস্তার মোড় থেকে বহদ্দারহাট পৌঁছাতে ১৫ মিনিটের বেশি সময় লাগার কথা নয়। কিন্তু এখন এক ঘণ্টার বেশি লাগছে। ওয়াসার খোঁড়াখুঁড়ির কারণে সড়কের একপাশ বন্ধ রাখা হয়। অন্যপাশ দিয়ে দুই দিকে গাড়ি চলাচল করছে। যে পাশ দিয়ে গাড়ি চলে সেই অংশটিতে হাঁটাও দায় হয়ে পড়েছে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী লে. কর্নেল মহিউদ্দিন আহমদ এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, বহদ্দারহাট থেকে কাপ্তাই রাস্তার মাথা ও মুরাদপুর থেকে অক্সিজেন মোড় উভয় সড়কে ব্যাপক কাটাকাটি হয়েছে। ওয়াসা কর্তৃপক্ষকে দ্রুত কাজ শেষ করার তাগাদা দেওয়া হচ্ছে। ওয়াসার কাটাকাটি শেষ হলে নতুন করে ওই দুটি সড়ক কার্পেটিং করে দেওয়া হবে।