পানি নেমেছে, ঘরে ফেরার অপেক্ষা আম্বিয়াদের
ঘরের আশপাশ থেকে বন্যার পানি নেমেছে। প্রায় সপ্তাহখানেক ঘরটি জলাবদ্ধ থাকায় মেঝেতে জমেছে কাদামাটি। আম্বিয়া খাতুনের (৪৯) ছেলে ও ছেলের বউরা ঘর ঠিকঠাক করতে ব্যস্ত।
আগামীকাল বুধবার ঘরে উঠতে পারবেন বলে আশা করছেন তিনি। আজ মঙ্গলবার দুপুরে সিলেট নগরের মিরাবাজার এলাকায় কিশোরী মোহন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় তলার আশ্রয়কেন্দ্রে বসে তিনি এ কথা বলেন।
বাড়িঘর প্লাবিত হওয়ার পর ১৭ মে সকালে চার বছরের নাতি এবং ছেলে ও ছেলের স্ত্রীকে নিয়ে আশ্রয়কেন্দ্রে ওঠেন আম্বিয়া খাতুন। তাঁরা যতরপুর এলাকায় ভাড়া বাসায় থাকেন। ১৬ মে রাত থেকে পানি বেড়ে যাওয়ায় ঘরের আসবাব ও মালামাল উঁচু স্থানে রেখেছিলেন। একপর্যায়ে ঘরে কোমর পানি হয়। বাধ্য হয়ে ঘর ছেড়ে সবাই আশ্রয়কেন্দ্রে ঠাঁই নেন। বর্তমানে পানি নেমে যাওয়ায় আম্বিয়ার মতো অনেকেই আছেন ঘরে ফেরার অপেক্ষায়।
আম্বিয়া খাতুন বলেন, আশ্রয়কেন্দ্রে এক সপ্তাহ কাটিয়ে দিয়েছেন। ঘর থেকে পানি নেমে গেছে, এখন ঘরে ওঠার অপেক্ষায় আছেন। প্রায় ১৫ বছর থেকে তিনি সিলেটে ছেলের সঙ্গে বসবাস করছেন। কিন্তু এমন পানি আর কখনো দেখেননি।
সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলের সচিব সুজন অলমিক বলেন, আশ্রয়কেন্দ্রটিতে প্রথম দিকে শিশুসহ ৪৫০ জন থাকতেন। তবে আজ বেলা দুইটা পর্যন্ত প্রায় ১০০ জন ছিলেন।
সিলেট সিটি করপোরেশন সূত্রে জানা যায়, ১৭ মে থেকে সিলেট নগরে আশ্রয়কেন্দ্র খোলা হয়। নগরের ২৩টি আশ্রয়কেন্দ্রে প্রায় ৩ হাজার বাসিন্দা আশ্রয় নেন। গত শনিবার থেকে নগরের বিভিন্ন এলাকায় পানি কমতে থাকায় আশ্রয়কেন্দ্রগুলো থেকে মানুষ চলে যাওয়া শুরু করেন। আজ দুপুর ১২টা পর্যন্ত আশ্রয়কেন্দ্রগুলোয় দেড় হাজারের মতো বাসিন্দা ছিলেন।
সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা হানিফুর রহমান বলেন, নগরের ভেতরে পানি কমেছে। এতে আশ্রয়কেন্দ্রে অবস্থানকারী অনেকেই নিজ নিজ বাড়িতে ফিরতে শুরু করেছেন।
সিলেটে প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে সুরমা নদীর পানি উপচে নগরের বিভিন্ন এলাকা প্লাবিত হয়। নগরের বিভিন্ন পাড়া–মহল্লার পাশাপাশি প্রধান সড়কগুলোয় তৈরি হয় জলাবদ্ধতা। এতে দুর্ভোগের শিকার হন বাসিন্দারা। তবে গত শনিবার থেকে নগরের অভ্যন্তরে পানি কমতে শুরু করে। পানি কমার পরও বিভিন্ন এলাকায় পানির সঙ্গে ভেসে আসা ময়লা-আবর্জনার স্তূপ তৈরি হতে দেখা যায়। এসব ময়লা–আবর্জনা পানির সঙ্গে মিশে দুর্গন্ধ ছড়াচ্ছে।