পানি বাড়ছে সুরমা, কুশিয়ারায়

সীমান্তের ওপারে ভারী বৃষ্টি হওয়ায় সিলেটের সব নদ-নদীর পানি বেড়ে আবার বন্যা দেখা দিয়েছে। সিলেটে সীমান্ত নদী হিসেবে লোভা ও সারী নদীর পানি বাড়ছিল সবার আগে। এরপর সুরমা, কুশিয়ারাসহ অন্যান্য নদ-নদীর পানি বাড়ে। তবে আজ বুধবার সকাল থেকে পানি আর বাড়ছে না সারী, লোভা ও ধলাই নদ-নদীতে। সীমান্ত নদ-নদীর পানি কমলেও বাড়ছে সুরমা ও কুশিয়ারায়।
আজ বুধবার সকালে ও দুপুরে এবং গতকাল মঙ্গলবার সন্ধ্যায় চারটি পরিমাপ থেকে তৈরি করা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ডেইলি ওয়াটার লেভেল ডেটা সূত্রে এ তথ্য জানা গেছে। পাউবো সিলেটের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ শহীদুজ্জামান সরকার জানিয়েছেন, ওপারে ভারী বর্ষণ কম হওয়ায় সীমান্ত নদীর পানি কমছে।
সিলেটে লোভা, সারী, ধলাই, ডাউকি ও পিয়াইন নদ-নদী ভারতের মেঘালয় রাজ্য থেকে নেমে এসেছে। পাউবো প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাঁচবার পানির প্রবাহ পরিমাপ করে। লোভা নদী সীমান্তবর্তী লোভাছড়া হয়ে সিলেটের কানাইঘাট উপজেলায় মিলিত হয়েছে সুরমা নদীর সঙ্গে। সারী নদী জৈন্তাপুরের লালাখাল থেকে বিভিন্ন নদ-নদীর সঙ্গে মিশেছে। দুটো নদীর পানি গত তিন দিন ধরে বাড়ছিল। লোভা ও সারীর পানি বাড়ায় সুরমা নদীর দুটো পয়েন্ট ও কুশিয়ারার একটি পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
পাউবো জানায়, আজ সকাল ৬টা, ৯টা ও দুপুর ১২টার পরিমাপ অনুযায়ী লোভা নদীর পানি কমছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টায় ১৫ দশমিক ০৭ মিটার থেকে নেমে আজ সকাল ৬টায় ১৪ দশমিক ৮১ মিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। দুপুর ১২টায় পানি আরও এক ধাপ কমে ১৪ দশমিক ৭৮ মিটার দিয়ে প্রবাহিত হচ্ছিল।
সারী নদীর পানি গতকাল সন্ধ্যায় ১২ দশমিক ৬৫ মিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। আজ সকালে ১১ দশমিক ৮০ মিটারে নেমে দুপুর ১২টায় ১১ দশমিক ৬৮ মিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
কোম্পানীগঞ্জ উপজেলা দিয়ে প্রবাহিত ভারতের চেরাপুঞ্জি থেকে নেমে আসা ধলাই নদের পানিও কমছে। গতকাল সন্ধ্যায় ১১ দশমিক ৬০ মিটার থেকে নেমে আজ সকালে ১১ দশমিক ৫০ মিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
সীমান্ত নদীর পানি কমলেও প্রধান দুই নদী সুরমা ও কুশিয়ারার পানি কোনো কোনো স্থানে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। আবার কোথাও কমছিল।
সুরমা নদীর সিলেট শহর পয়েন্ট দিয়ে পানি বাড়ছিল। গতকাল বিপৎসীমার (১০ দশমিক ৮০ মিটার) নিচ থেকে পানি বেড়ে আজ দুপুরে ১০ দশমিক ৮৪ মিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। কানাইঘাট পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হলেও সেখানে গতকাল সন্ধ্যায় ১৩ দশমিক ৫৮ মিটার থেকে কমে আজ দুপুরে ১৩ দশমিক ৪৮ মিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
কুশিয়ারা চারটি পয়েন্টের মধ্যে ফেঞ্চুগঞ্জে বিপৎসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। সেখানে গতকাল সন্ধ্যায় ৯ দশমিক ৯৪ মিটার থেকে বেড়ে আজ দুপুরে ৯ দশমিক ৯৭ মিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এ ছাড়া এ নদীর অন্য তিনটি পয়েন্ট দিয়ে পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সেই সব পয়েন্টে গত ২৪ ঘণ্টায় পানি কমা ও বাড়ার চিত্র রয়েছে বলে জানান পাউবোর নদী পর্যবেক্ষকেরা।