পানিতে ডুবে শিশুর মৃত্যু
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পানিতে ডুবে সাজিম হোসেন (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার রাত সাড়ে আটটার দিকে উপজেলার চরবাটা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে বাড়ির পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। সাজিম হোসেন উপজেলার চরবাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হোসেনের ছেলে।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার সন্ধ্যার দিকে সাজিম বাড়ির উঠানে খেলা করছিল। হঠাৎ তাকে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পুকুর থেকে রাত সাড়ে আটটার দিকে অচেতন অবস্থায় সাজিমকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পানিতে ডুবে শিশুমৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সুবর্ণচরের চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক প্রথম আলোকে বলেন, খবর পেয়ে থানা-পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি।