পানিতে ডুবেই নেপালি শিক্ষার্থীর মৃত্যু হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের শেষ বর্ষের শিক্ষার্থী রাজন পারা জুলি (২৪) পানিতে ডুবে শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন। ময়নাতদন্ত প্রতিবেদনে রাজনের মৃত্যুর কারণ হিসেবে শ্বাসরুদ্ধ হয়ে পড়ার কথা উল্লেখ করা হয়েছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রভাষক এ এম এম আল মামুন স্বাক্ষরিত ওই প্রতিবেদনে আরও বলা হয়, রাজন আগে পানিতে ডুবে যান, পরে তিনি শ্বাসরুদ্ধ হয়ে পড়েন। আর এ কারণে তাঁর মৃত্যু হয়।
ময়নাতদন্ত প্রতিবেদনটি বাজিতপুর থানার পুলিশ হাতে পায় গত বৃহস্পতিবার। এদিকে লাশ উদ্ধারের তিন দিন পর ১৯ জুলাই স্বজনেরা এসে রাজনের মরদেহ নেপালে নিয়ে যান।
বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সাহা বলেন, ময়নাতদন্ত প্রতিবেদনে পানিতে ডুবে শ্বাসরুদ্ধ হয়ে মারা যাওয়ার কথা বলা হয়েছে।
১৭ জুলাই কলেজের লেক থেকে ভাসমান অবস্থায় রাজন পারা জুলির মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি নেপালের মুরাং জেলার বিরাটনগর মহল্লার কৃষ্ণ প্রসাদ পারা জুলির ছেলে।