পানিধারক স্তর রক্ষার চেষ্টা

অ্যাকুইফার মরে গেল সেখানে আর পানি পাওয়া যায় না। বরেন্দ্র অঞ্চলে বেশ কয়েকটি মৃত অ্যাকুইফারের সন্ধান পাওয়া গেছে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভূগর্ভস্থ পানি পুনর্ভরণ প্রক্রিয়া দেখাচ্ছেন অমেলা টুডু। গত শুক্রবার বিকেল রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নিমঘটু গ্রামে
ছবি: প্রথম আলো

বরেন্দ্র অঞ্চলে যেসব এলাকায় ভূগর্ভস্থ পানির স্তর ক্রমে নিচে নেমে যাচ্ছে, সেসব এলাকায় পানির স্তর ওপরে ওঠাতে গবেষণা প্রকল্প নেওয়া হয়েছিল। সুইজারল্যান্ডের সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা ডাসকো ফাউন্ডেশনের ‘সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনা’ নামের ওই প্রকল্প ২০১৫ সাল আগস্ট থেকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁয় কাজ শুরু করে। প্রায় সাত বছর পেরিয়ে দেখা গেছে, অনেক এলাকায় পানিধারক স্তরের উন্নতি ঘটানো গেছে। তবে অনেক এলাকায় দৃশ্যমান কোনো সাফল্য আসেনি। অনেক এলাকার পানিধারক স্তর পানিশূন্য হওয়ার ঘটনাও ঘটেছে।

মাটির নিচে যে স্তরে পানি থাকে, তাকে পানিধারক স্তর বা অ্যাকুইফার বলা হয়। সেই স্তরের বালু মোটা থাকে। পানি ফুরিয়ে গেলে মোটা বালু ধুলায় পরিণত হয়। সেই অ্যাকুইফারকে তখন মৃত বলা হয়। অ্যাকুইফার মরে গেল সেখানে আর পানি পাওয়া যায় না। বরেন্দ্র অঞ্চলে বেশ কয়েকটি মৃত অ্যাকুইফারের সন্ধান পাওয়া গেছে।

গবেষকেরা বলছেন, অতিরিক্ত ভূগর্ভস্থ পানি তোলায় অ্যাকুইফারের মৃত্যু হচ্ছে। ডাসকো ফাউন্ডেশন মূলত এই অ্যাকুইফারগুলো বাঁচানোর জন্য ভূগর্ভে পানি পুনর্ভরণের একটি বিকল্প পন্থা অবলম্বন করছে। আপাতত এটি গবেষণার নমুনা হিসেবে দেখা হচ্ছে। আশার কথা হলো, এই প্রকল্পের ওপর ভিত্তি করে সরকার এ বিষয়ে একটি নীতিমালা প্রণয়নের কাজ হাতে নিয়েছে।

গবেষণা সূত্রে জানা গেছে, সারা দেশের গড় বৃষ্টিপাতের অর্ধেক বৃষ্টি হয় বরেন্দ্র অঞ্চলে। আবার এ অঞ্চলের মাটি এঁটেল হওয়ার কারণে বৃষ্টির পানি অ্যাকুইফার স্তরে প্রবেশ করতে পারে কম, ফলে পানিধারক ওই স্তরে পানি খুব কম পুনর্ভরণ হয়।

ডাসকো ফাউন্ডেশনের সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনা প্রকল্প ১৯৭টি বাড়ি, প্রতিষ্ঠান ও শিল্পপ্রতিষ্ঠানের ছাদে বা চালায় যে বৃষ্টির পানি পড়ে, তা পাইপের মাধ্যমে মাটির নিচে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে। তারা ভূগর্ভস্থ পানি পরিমাপের জন্য ৬১টি কূপ স্থাপন করেছে। প্রতি মাসে দুইবার তারা পানির উচ্চতা মেপে দেখে। সেই কূপের পাশেই একটি করে বোর্ড রাখা হয়েছে। প্রতি মাসের পরিমাপ ওই বোর্ডে লেখা হয়।

তানোর পৌর কার্যালয় চত্বরে ২০১৫ সালে এই প্রকল্প চালু করার সময় মাটির নিচের পানির স্তর ছিল ৬০ ফুট নিচে। প্রকল্প বাস্তবায়নের পর সেটা ৫৩ দশমিক ১০ ফুটে এসেছে। গোদাগাড়ীর কাঁকনহাট পৌর ভবনের পাশে ৮২ ফুট নিচে ছিল। এখন ৮১ দশমিক ৭ ফুট হয়েছে। তানোরের চান্দুড়িয়ায় ৫৩ ফুট নিচে ছিল, এখন ৫২ ফুট হয়েছে।

কিন্তু যেসব এলাকায় ভূগর্ভস্থ পানি বেশি উত্তোলন করা হয়েছে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে যেসব এলাকার উচ্চতা তুলনামূলক বেশি, সেখানে অ্যাকুইফার মরে যাচ্ছে। মুন্ডুমালা পৌর ভবনের পাশে একটি অ্যাকুইফার মরে গেছে। ২০১৫ সালের ১৫ অক্টোবর সেখানে ১০২ ফুট নিচে অ্যাকুইফার পাওয়া যায়। তারপর ৫০০ ফুট নিচেও আর কোনো অ্যাকুইফার পাওয়া যায়নি।

প্রকল্পের সমন্বয়কারী জাহাঙ্গীর আলম খান বলেন, অ্যাকুইফারের মোটা বালু ধূলিকণার মতো চিকন (ডাস্ট) হয়ে গেলে সেখানে আর কখনো পানি জমে না। এগুলোতে পানি পুনর্ভরণ করেও কোনো লাভ হচ্ছে না। জাহাঙ্গীর আলম খান আরও বলেন, সরকার তাঁদের এই পদ্ধতিকে ‘বিল্ডিং কোড’ নীতিমালার আওতায় নিয়ে এলে সবাই বাড়ি বানানোর সময় বাড়ির সঙ্গে ম্যানেজড অ্যাকুইফার রিচার্জ সিস্টেম তৈরি করবেন। ব্যাপকভাবে এটা হলে ইতিবাচক ফলাফল পাওয়া যাবে।

সরকার এসব বিষয় নিয়ে একটি নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছে। এই উপলক্ষে একটি কমিটি করা হয়েছে। কমিটির চেয়ারম্যান রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান বলেন, মানুষ শুধু পানি তুলছেই। এক বালতিও দিচ্ছে না। তাহলে তো পানির স্তর নিচে নেমে যাবেই। কৃষককে ভূ-উপরিস্থ পানি ব্যবহারে উদ্বুদ্ধ করতে হবে। ধান চাষে বেশি পানি লাগে। দেশে অন্য অঞ্চলে ধান চাষ তো হচ্ছেই, বরেন্দ্র অঞ্চলে ধান চাষকে নিরুৎসাহিত করতে হবে। বিকল্প ফসল চাষে উদ্বুদ্ধ করতে হবে।