পানিপ্রবাহ নেই, চাষাবাদ বিঘ্ন

খালের তিন কিলোমিটারে অবৈধ স্থাপনা নির্মাণ ও বর্জ্য ফেলা হয়েছে। চাষাবাদে পানি পাচ্ছেন না কৃষকেরা।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের লাকুটিয়া খালের ওপর অপরিকল্পিতভাবে কালভার্ট নির্মাণ করা হয়েছে। এতে পানিপ্রবাহ বাধাগ্রস্ত হয়েছে। ৩ মার্চ আবেদশা মাজার এলাকায়
ছবি: প্রথম আলো

বরিশালের লাকুটিয়া খালের তিন কিলোমিটার দখল-দূষণে পানিপ্রবাহ বন্ধ হয়ে গেছে। এতে সদর ও বাবুগঞ্জ উপজেলার প্রায় ১০ হাজার একর জমির চাষাবাদ ব্যাহত হচ্ছে।

লাকুটিয়া খালের দৈর্ঘ্য ১০ কিলোমিটারের বেশি। এটি দক্ষিণ-পূর্বে বরিশাল নগরের জেলখালের সঙ্গে সংযুক্ত হয়ে কীর্তনখোলা এবং উত্তর-পশ্চিমে সুগন্ধা নদীর সঙ্গে সংযোগ স্থাপন করেছে। খালের মধ্যে অপরিকল্পিত কালভার্ট নির্মাণ, দুই পাড় দখল ও বর্জ্য ফেলায় পানির প্রবাহ নেই বললেই চলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৯ শতকের গোড়ার দিকে লাকুটিয়ার জমিদার রাজচন্দ্র রায় বরিশাল নগরের সঙ্গে যাতায়াত, কৃষিকাজে সেচ সুবিধার জন্য খালটি খনন করেছিলেন। বাবুগঞ্জের সুগন্ধা নদী থেকে শার্শী হয়ে খালটি বরিশাল নগরের কাউনিয়া শ্মশানঘাট পর্যন্ত খনন করা হয়েছিল। শ্মশানঘাট থেকে এটিকে জেলখালের সঙ্গে সংযুক্ত করায় কীর্তনখোলার প্রবাহে মিলিত হয়েছিল খালটি। প্রায় ২০ বছর ধরে বরিশাল নগরের তিন কিলোমিটারজুড়ে দখল চলছে। একই সঙ্গে বর্জ্য ফেলে খাল ভরাট করা হচ্ছে।

বরিশাল নগরের কাউনয়া শ্মশানঘাট থেকে মুখার্জিবাড়ির পুল পর্যন্ত খালের তিন কিলোমিটারে অবৈধ স্থাপনা নির্মাণ ও বর্জ্য ফেলা হয়েছে। এতে বিপাকে পড়েছেন খালের ওপর নির্ভরশীল কৃষকেরা। পানি না পাওয়ায় তাঁরা বোরো চাষ করতে পারছেন না। আবার বর্ষা মৌসুমে পানিনিষ্কাশন না হওয়ায় জলাবদ্ধতার সৃষ্টি হয়।

পানি উন্নয়ন বোর্ডের হিসাব অনুযায়ী, লাকুটিয়া খালটির দৈর্ঘ্য ১০ দশমিক ৩ কিলোমিটার। কৃষিকাজে গুরুত্ব বিবেচনায় ১৯৮৫ সালে বরিশাল ইরিগেশন প্রজেক্টের (বিআইপি) আওতায় খালটি খনন করা হয়েছিল। এরপর প্রায় ৮ বছর আগে এলজিইডির প্রকল্পের আওতায় কাশিপুর এলাকার একটি অংশ খনন করা হয়েছিল। খনন করা অংশে বর্তমানে ক্ষীণ ধারায় পানিপ্রবাহ রয়েছে।

তবে মুখার্জিবাড়ির পুল থেকে কাউনিয়া শ্মশানঘাট পুল পর্যন্ত তিন কিলোমিটারে পানির কোনো প্রবাহ নেই। এই অংশে একদিকে যেমন দখলদার, অন্যদিকে এলজিইডির নির্মিত অপরিকল্পিত কালভার্ট খালটিকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। কাউনয়া বিসিক শিল্প নগরীর কারখানার বর্জ্য পানিতে মিশে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। ক্ষতিকর পানি যাতে না আসে, সে জন্য আবেদশাহের মাজারের সামনে থেকে খালে বাঁধ দেওয়া হয়েছে। পাম্প দিয়ে বোরো ধানের আবাদ করছেন কৃষকেরা।

শার্শী গ্রামের কৃষক শামসুল হক হাওলাদার বলেন, গত আমনের মৌসুমে তিনি ১ একর ৪০ শতাংশ জমিতে ধান আবাদ করেছিলেন। জলাবদ্ধতার কারণে একবার বীজতলা পচে গেছে। দ্বিতীয়বার বীজতলা করে রোপণ করেছিলেন। যেখানে ৬০ মণ ধান পাওয়ার কথা, সেখানে পেয়েছেন মাত্র ৪ মণ।

আরেক কৃষক মুনসুর আলী বলেন, তিন বছর ধরে আমন মৌসুমে মার খাচ্ছেন তাঁরা। শার্শী স্লুইসগেট থেকে মুখার্জিবাড়ির পুল পর্যন্ত খাল খননের পর বর্ষায় ঠিকমতো পানি ওঠে। তবে পানি নামতে পারে না। মুখার্জিবাড়ির পুলের পর জেলখাল হয়ে ফড়িয়াপট্টির মুখ পর্যন্ত খাল খনন করে পানির প্রবাহ সচল করা গেলে সমস্যা দূর হতো।

সদর উপজেলার কৃষি কর্মকর্তা ফাহিমা হক বলেন, লাকুটিয়া খালের জন্য কৃষকদের ফসলহানির কথা তিনি জেনেছেন। তাঁরা উপজেলা উন্নয়ন কমিটির মাসিক সভায় খাল খননের কথা উত্থাপন করেছেন।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাস বলেন, ‘খালটি খনন করার পরিকল্পনা রয়েছে। তবে দখলদারদের উচ্ছেদ ছাড়া এটা বাস্তবায়ন করা যাবে না। এ ক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে দখলদারদের উচ্ছেদ করার উদ্যোগ নিতে হবে। এরপরই খাল খননে উদ্যোগ নেব।’

দখলদার উচ্ছেদের ব্যাপারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, ‘শিগগিরই খালটি সরেজমিন দেখব। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেব।’