পাবনা সেচ ও পল্লী উন্নয়ন প্রকল্প
পানির সংকটে কমছে আবাদ
দুর্বল ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের অভাবে পাবনার সেচ খাল থেকে পানি পাচ্ছেন না কৃষকেরা। এর ফলে যন্ত্রের মাধ্যমে সেচ দিতে হচ্ছে কৃষকদের, বাড়ছে ব্যয়।
অব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের অভাবে পাবনা সেচ ও পল্লী উন্নয়ন প্রকল্পের অনেক সেচ খালই অকার্যকর হয়ে পড়েছে। প্রকল্পের কোনো কোনো খাল পুরোপুরি অস্তিত্ব হারিয়ে ফেলেছে। এ অবস্থায় প্রায় ৩৮৪ কোটি টাকার প্রকল্প থেকে সেচের পানি পাচ্ছেন না পাবনার বেড়া ও সাঁথিয়া উপজেলার অনেক কৃষক। এর ফলে সেচপাম্পের মাধ্যমে সেচ দিতে গিয়ে কৃষকদের যেমন ব্যয় বাড়ছে, তেমনি ফসলের আবাদও কমে যাচ্ছে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, ১৮ হাজার ৬৮০ হেক্টর জমিতে সেচ প্রদান ও বন্যামুক্ত করার লক্ষ্য নিয়ে ১৯৯২ সালে পাবনা সেচ প্রকল্প চালু হয়। প্রকল্প চালুর প্রথম দিকে জেলার বেড়া, সাঁথিয়া ও সদর উপজেলার সাড়ে পাঁচ হাজার হেক্টর জমিতে সেচ দেওয়া হয়। উদ্দেশ্য ছিল প্রতিবছর সেচের আওতা বাড়িয়ে পাবনার ৯টি, নাটোরের ২টি ও সিরাজগঞ্জের ১টি মিলিয়ে মোট ১২টি উপজেলার ১ লাখ ৮৪ হাজার ৫৩৪ হেক্টর জমি বন্যামুক্ত রাখার পাশাপাশি সেচের আওতায় নিয়ে আসা। কিন্তু প্রকল্প এলাকা বন্যামুক্ত হলেও সেচ দেওয়ার এলাকা উল্টো কমেছে। চলতি বছর (২০২১-২২) সেচ এলাকা ৩ হাজার ৫৬০ হেক্টরে নেমে এসেছে।
যেসব এলাকার কৃষক আগে সেচের পানি পেতেন, সেসব এলাকার কৃষকদের সেচ বাবদ পাউবোকে বিঘাপ্রতি বছরে ১৮০ টাকা করে দিতে হতো। অথচ এখন সেসব এলাকার সেচ খালে পানি না পৌঁছানোয় যন্ত্রের মাধ্যমে কৃষকদের সেচ দিতে হচ্ছে। যেখানে প্রতি বিঘায় খরচ হচ্ছে তিন থেকে চার হাজার টাকা। এর ফলে ফসল ফলিয়ে আগের মতো লাভ পাচ্ছেন না কৃষকেরা।
পাউবো জানায়, তাদের ব্যবস্থাপনায় ৩৮৪ কোটি টাকা ব্যয়ে ১৯৯২ সালে পাবনা সেচ ও পল্লী উন্নয়ন প্রকল্পটি চালু হয়। এ জন্য বেড়া উপজেলার বৃশালিখায় হুরাসাগর নদের পাড়ে পানি তোলার জন্য ও কৈটোলায় যমুনা নদীর পাড়ে পানিনিষ্কাশনের জন্য শক্তিশালী দুটি পাম্প স্টেশন নির্মাণ করা হয়। এ ছাড়া ছোট–বড় অসংখ্য সেচ খাল, নিষ্কাশন খাল, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, স্লুইস গেট, কালভার্টসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ করা হয়।
সম্প্রতি সেচ প্রকল্পের আওতাভুক্ত বেড়া উপজেলার হাটুরিয়া, জগন্নাথপুর, চাকলা; সাঁথিয়া উপজেলার পুণ্ডুরিয়া, আফরা, বায়া, পানিশাইলসহ অন্তত ২০টি গ্রামের ফসলি জমি ঘুরে দেখা গেছে, কৃষকেরা সেচের পানি পাচ্ছেন না। অথচ এসব এলাকার কৃষকেরা আগে নামমাত্র খরচে সেচ খালের পানি দিয়ে চাষাবাদ করতেন। অব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের অভাবে এসব এলাকার কোনো কোনো সেচ খালে এখন একেবারেই পানি পৌঁছায় না। আবার কোনো কোনো খাল একেবারেই মাটির সঙ্গে মিশে গেছে।
সাঁথিয়ার পুণ্ডুরিয়া গ্রামে গিয়ে দেখা যায়, পাউবোর নির্মাণ করা সেচ খালটি গ্রামের একটা অংশ পর্যন্ত গিয়ে একেবারে মাটির সঙ্গে মিশে গেছে। ওই সেচ খাল দেখে কারও বোঝার উপায় নেই যে একসময় সেখানে কোনো খাল ছিল। মিশে যাওয়া সেচ খালটির ওপর দিয়ে এখন রিকশা-ভ্যান চলাচল করে। সেচ খালের যে সামান্য অংশ টিকে আছে, তা দিয়ে খুবই অল্প পানি আসছে।
গ্রামের কৃষকেরা জানান, পাঁচ থেকে ছয় বছর ধরে একেবারেই পানি আসছে না। পাউবোকে বারবার বলার পরও তারা কিছু না করায় গ্রামের কৃষকেরা নিজেদের উদ্যোগে সেচ খাল সংস্কার করে সামান্য পানি নিয়ে আসতে পেরেছেন। তবে এলাকার বেশির ভাগ কৃষক সেচ খালের পানি না পেয়ে বাধ্য হয়ে সেচযন্ত্র বসিয়ে জমিতে সেচ দিচ্ছেন। এ জন্য প্রতি বিঘায় কৃষকের তিন থেকে চার হাজার টাকা খরচ হচ্ছে।
পাউবোর উদ্যোগে গঠিত চাকলা-দমদমা পানি ব্যবস্থাপনা দল লিমিটেডের সভাপতি ও বেড়ার চাকলা গ্রামের কৃষক আহাম্মদ উল্লাহ বলেন, ‘আমাদের এলাকার সেচ খালগুলো দীর্ঘদিন সংস্কার না করায় অনেক খালেই পানি পৌঁছায় না। সেচের পানির অভাবে এলাকায় আগের তুলনায় আবাদ অনেক কমেছে।’
পাউবোর বেড়া কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী সুধাংশু কুমার সরকার বলেন, পাবনা সেচ ও পল্লী উন্নয়ন প্রকল্পের মাধ্যমে প্রায় ৩০ বছর সেচ দেওয়া হচ্ছে। এ সময়ের মধ্যে অনেক এলাকারই কৃষির ধরন বদলে গেছে। ধান ছেড়ে অনেক কৃষক এখন পেঁয়াজ চাষ করছেন। তাই কোনো কোনো এলাকায় সেচ খালের পানির প্রয়োজনীয়তা কমেছে। এ জন্য পাউবোর পক্ষ থেকে ‘পাবনা সেচ ও পল্লী উন্নয়ন পুনর্বাসন প্রকল্প’ নামে একটি প্রকল্পের প্রস্তাব সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এর আলোকে শিগগির একটি বিশেষজ্ঞ কমিটি এলাকায় এসে প্রয়োজনীয় সুপারিশ ও পরামর্শ দেবে। সেই পরামর্শ অনুযায়ী সেচ খালগুলোর পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে। তিনি আরও বলেন, গত বছরের তুলনায় এ বছর অনেক সেচ খাল সংস্কার করে সেচের আওতা বাড়ানো হয়েছে।