পানির সংকটে বাসিন্দারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কায়সার আহমেদ তালুকদার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী, ঈশ্বরগঞ্জ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রাজীবপুর ইউনিয়নের লাটিয়ামারি চরে স্থাপন করা প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পে আশ্রিত বাসিন্দারা পানির সংকটে ভুগছেন। পান করার পানি জোগাড় করার জন্য এখানকার নারী বাসিন্দারা প্রতিদিন দুই বেলা বালতি, কলসি ও নানা পাত্র নিয়ে বিভিন্ন স্থানে ছোটাছুটি করছেন। অন্যদিকে গৃহস্থালি কাজে তাঁরা ব্রহ্মপুত্র নদের পানি ব্যবহার করছেন।

গত মঙ্গলবার সরেজমিনে এ চিত্র দেখা গেছে। এই আশ্রয়ণের বাসিন্দা সুবাসী রবিদাস বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের মাথা গোঁজার ঠাঁই করে দিয়েছেন। কিন্তু নলকূপ না থাকায় খাবার পানির জন্য আমাদের সবাইকে খুব কষ্ট করতে হচ্ছে। পানি সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় দৌঁড়াতে হচ্ছে।’

পান করার পানি জোগাড় করার জন্য এখানকার নারী বাসিন্দারা প্রতিদিন দুই বেলা বালতি, কলসি ও নানা পাত্র নিয়ে বিভিন্ন স্থানে ছোটাছুটি করছেন।

কৌশলা রানি রবিদাস বলেন, পুরোনো চারটি নলকূপ থাকলেও সেগুলো থেকে পানি ওঠে না। ঘর হস্তান্তরের সময় এখানে কোনো নলকূপ বসানো হয়নি। উপজেলা সদর থেকে নলকূপ বসানোর মিস্ত্রিরা এলেও পানির অভাবে কাজ করতে না পেরে ফিরে গেছেন।

মো. মোজাম্মেল হক (৩৫) এই আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা। তাঁর অসুস্থ মা এখানে থাকেন। প্রতিদিন তাঁর মাকে গোসল করাতে হয়। গোসলের পানি সংগ্রহ করার জন্য ধু ধু বালুচর মাড়িয়ে ব্রহ্মপুত্র নদে যেতে হয়। এতে অমানুষিক পরিশ্রম করতে হয়। তাই তিনি গাঁটের টাকা খরচ করে সম্প্রতি একটি নলকূপ বসিয়েছেন। নলকূপ বসানোর সময় প্রয়োজনীয় পানি সংগ্রহ করতে তাঁকে তিন হাজার টাকা শ্রমিকের পেছনে খরচ করতে হয়েছে।

মোজাম্মেল আরও বলেন, ‘আমরা যারা এই আশ্রয়ণে বসবাস করি, তাঁরা সবাই মূর্খ। কোথায় কার কাছে গিয়ে আমাদের দুর্দশার কথা তুলে ধরব তা জানি না। তাই পানির অভাবে আমরা কষ্ট করে যাচ্ছি। অনেক সময় পিপাসাকাতর শিশুরা অপরিষ্কার পানি পান করে অসুস্থ হচ্ছে।’

নলকূপ বসাতে খননকাজ (বোরিং) করার প্রয়োজনীয় পানি সেখানে পাওয়া যায়নি। তাই মিস্ত্রিরা সেখান থেকে ফিরে এসেছেন।
কায়সার আহমেদ তালুকদার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী, ঈশ্বরগঞ্জ

ওই প্রকল্পের পেছনের সারির ঘরের পেছন দিয়ে ব্রহ্মপুত্র নদ প্রবহমান। নদের ঢালের কিছু অংশে প্রতিরক্ষাদেয়াল নির্মাণ করা হয়েছে। পুরোটা জুড়ে দেয়াল নির্মাণ না করায় বর্ষকালে বৃষ্টির পানি ওপর থেকে নদের ঢাল বেয়ে নামার সময় ধস দেখা দিতে পারে। এতে পেছনের সারির ঘরগুলোর স্থায়িত্ব হুমকির মুখে পড়তে পারে বলে বাসিন্দাদের আশঙ্কা।

কয়েকজন নারী ও পুরুষ বাসিন্দা বলেন, ‘আমরা ন্যূনতম মজুরিতে বিভিন্ন স্থানে কাজকর্ম করে থাকি। যে পরিমাণ আয় হয়, তা দিয়ে এখন আর সংসার চলে না।’ তাঁদের টিসিবির পণ্য ক্রয়ের পারিবারিক পরিচিতি কার্ড দেওয়া হয়নি। তবে কয়েকজনের খাদ্যবান্ধব কর্মসূচির ১০ কেজি চাল ক্রয়ের কার্ড রয়েছে বলে জানিয়েছেন।

ঈশ্বরগঞ্জ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কায়সার আহমেদ তালুকদার প্রথম আলোকে বলেন, ওই এলাকায় পানির স্তর নিচে নেমে গেছে। এ ছাড়া নলকূপ বসাতে খননকাজ (বোরিং) করার প্রয়োজনীয় পানি সেখানে পাওয়া যায়নি। তাই মিস্ত্রিরা সেখান থেকে ফিরে এসেছেন। প্রয়োজনীয় বৃষ্টিপাত হওয়ার পর এ বিষয়ে আবার উদ্যোগ নেওয়া হবে।

আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের সমস্যা নিয়ে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. হাফিজা জেসমিন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সমস্যাটি সমাধানের চেষ্টা করা হচ্ছে। প্রতিরক্ষা বাঁধের বাকি অংশ নির্মাণের জন্য ব্যবস্থা নেবেন তাঁরা।